গারো মা-মেয়ে হত্যায় গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে নিজ বাসায় গারো সম্প্রদায়ের দুই নারী হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল বুধবার সন্ধ্যা ছয়টায় চারজনকে শেরপুরের নালিতাবাড়ী থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। র‍্যাবের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে এক মুঠোফোন বার্তায় এ তথ্য জানানো হয়। র‍্যাব বলছে, গ্রেপ্তার হওয়া সঞ্জীব চিরান মূল পরিকল্পনাকারী।

গ্রেপ্তার হওয়া অন্য তিনজন হলেন রাজু সাংমা, রবিন সাংমা ও শুভ শিষীন শান্ত।

নিহত দুই নারী হলেন সুজাতা চিরান (৪০) ও তাঁর মা বেশথ চিরান (৬৫)। সঞ্জীব চিরান নিহত সুজাতার বোনের ছেলে। র‍্যাব বলছে, তিনি এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী।

র‍্যাবের একটি সূত্রের তথ্যমতে, মূলত অর্থের কারণেই এই হত্যাকাণ্ড সংঘঠিত হয়েছে। অর্থ পাওয়া যাবে—এই লোভেই সঞ্জীবসহ চারজন ওই বাসায় ঢুকেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন তাঁরা।

আজ র‍্যাবের ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গত মঙ্গলবার গুলশানের কালাচাঁদপুরে নিজ বাসায় খুন হন সুজাতা চিরান ও তাঁর মা বেশথ চিরান। পরে বাড়ির নিচতলায় থাকা ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখে পুলিশ। দেখা যায়, ঘটনার দিন বিকেল চারটার দিকে সুজাতের বোনের ছেলে সঞ্জীব চার ব্যক্তিসহ বাসায় এসেছিলেন। কিছুক্ষণ পর তাঁরা বেরিয়ে যান। সন্ধ্যা ছয়টার দিকে অফিস থেকে ফিরে মা ও মেয়ের লাশ দেখতে পান সুজাতের মেয়ের জামাই।