গারোদের 'ওয়ানগালা উৎসব' পালিত
গারোদের বিশ্বাস, ‘মিসি সালজং’ বা শস্য দেবতার ওপর নির্ভর করে ফসলের ভালো ফলন। এই শস্য দেবতাকে ধন্যবাদ জানিয়ে ও নতুন ফসল খাওয়ার অনুমতি চেয়ে গতকাল শুক্রবার গারোরা পালন করেছে এ বছরের ওয়ানগালা (নবান্ন) উৎসব।
ঢাকায় বসবাসরত গারোরা রাজধানীর বনানী বিদ্যানিকেতনে গতকাল দিনব্যাপী পূজা-অর্চনা, আলোচনা, নাচ-গানে পালন করেছে তাদের সবচেয়ে বড় উৎসব ওয়ানগালা।
গতকাল সকালে দেবতাদের পূজার মাধ্যমে শুরু হয় উৎসব। ‘আমুয়া’, ‘রুগালা’র মতো ধর্মীয় আচার পালন করা হয়। দুপুরের বিরতির পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নিজস্ব ভাষায় গান গেয়ে শোনান গারো শিল্পীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল গারোদের ঐতিহ্যবাহী জুম নাচ।
উৎসবের আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বাংলাদেশ বহু জাতি, ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্যপূর্ণ অসাম্প্রদায়িক দেশ। বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণ ও উন্নয়নে সবাইকে আন্তরিক হতে হবে।
উৎসবে উপস্থিত গারারো জানায়, ওয়ানগালা একই সঙ্গে ধর্মীয় ও সামাজিক উৎসব। ওয়ানগালা উৎসব পাহাড়ি জুমচাষকে কেন্দ্র করে উদ্যাপিত হয়ে থাকে। নতুন ফসল তোলার পরে নকমা (গ্রামপ্রধান) সবার সঙ্গে আলোচনা করে অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করেন। এক যুগ ধরে প্রতিবছর নভেম্বর-ডিসেম্বর মাসে ঢাকায় বসবাসরত গারোরা এ উৎসব আয়োজন করছে।
উৎসব উপলক্ষে বনানী বিদ্যানিকেতনের মাঠে জড়ো হয় ঢাকায় বসবাসরত কয়েক হাজার গারো। শহুরে জীবনের কর্মব্যস্ততার ফাঁকে দিনভর তারা নিজেদের মতো করে আনন্দে মেতে থাকে। বিদ্যালয়ের মাঠে গড়ে ওঠা অস্থায়ী খাবারের দোকানে ঘুরে ঘুরে স্বাদ নেয় নিজেদের ঐতিহ্যবাহী নানা পদের খাবারের। কেউ কেউ বাসায় খাবার জন্য কিনে নেন জুমের আলু, কুমড়া, শামুক, কাঁকড়া।
ওয়ানগালা উদ্যাপন কমিটির প্রকাশনা সম্পাদক পরাগ রিছিল প্রথম আলোকে বলেন, ওয়ানগালা আজ শুধু একটি অনুষ্ঠান নয়, এটি গারোদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার এক অনবদ্য আন্দোলন।