গার্ডারের সঙ্গে ধাক্কায় প্রাণ গেল ছাদে চড়া তিন ট্রেনযাত্রীর
বাড়ি ফিরছিলেন ট্রেনের ছাদে চড়ে। পথে রেলসেতুর গার্ডারে ধাক্কা খান তাঁরা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। আহত হন চারজন। পাবনার ভাঙ্গুড়া উপজেলায় গতকাল সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লোহালামারী গ্রামের সাইফুল ইসলাম (৩২), মাতুব্বর আলী (৩০) ও জিয়া হোসেন (৩৫)।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটির ভেতর ও ছাদ ছিল যাত্রীতে ঠাসা। গতকাল ভোর সাড়ে চারটার দিকে ট্রেনটি পাবনার ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা রেলসেতু অতিক্রম করে। এ সময় তুলনামূলক নিচু সেতুটির গার্ডারের সঙ্গে মাথায় আঘাত লাগে ছাদে থাকা কয়েকজনের। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হন চারজন। ট্রেনটি চাটমোহর স্টেশনে গিয়ে থামলে দুর্ঘটনার বিষয়টি জানাজানি হয়। এ সময় হতাহত ব্যক্তিদের ছাদ থেকে নামিয়ে আনা হয়। তবে সঙ্গে থাকা স্বজনেরা ট্রেন ছাড়ার সময় লাশগুলো নিয়ে গেছেন।
চাটমোহর স্টেশনের দোকানদার ও ঘটনার প্রত্যক্ষদর্শী আনিছুর রহমান বলেন, স্টেশনে ট্রেনটি থামার পর লাশগুলো প্ল্যাটফর্মে নামানো হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আইনি জটিলতার ভয়ে স্বজনেরা লাশগুলো ট্রেনে তুলে নিয়ে চলে গেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রেলওয়ে পুলিশ সিরাজগঞ্জ সার্কেলের ওসি কামাল হোসেন বলেন, একদিকে টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে, অন্যদিকে দেশব্যাপী অবরোধ চলছে। এ কারণে ট্রেনে যাত্রীর চাপ অনেক বেড়েছে। বাস না পেয়ে অধিকাংশ লোকই বাধ্য হয়ে ট্রেনে যাতায়াতের চেষ্টা করছেন। বাড়ি ফেরার তাগিদে অনেকে ভেতরে জায়গা না পেয়ে ট্রেনের ছাদে উঠছেন। নীলসাগর এক্সপ্রেস ট্রেনটিও যাত্রীদের চাপে ঠাসা ছিল। ফলে এ দুর্ঘটনা ঘটেছে।
ওসি কামাল হোসেন আরও বলেন, ‘ঘটনার পর সঙ্গে থাকা স্বজনেরা লাশগুলো ও আহত ব্যক্তিদের নিয়ে যাওয়ায় আমরা তাঁদের সম্পর্কে বেশি তথ্য জানতে পারিনি। তবে আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। সেই সঙ্গে ট্রেনের ছাদে ভ্রমণ না করতে যাত্রীদের সচেতন করার চেষ্টা চলছে।’