গার্ডিয়ানের নিবন্ধের প্রতিবাদ জানিয়েছে গণজাগরণ মঞ্চ
ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান-এ বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন ও শাহবাগের আন্দোলনকে সহিংসতা হিসেবে উপস্থাপনার প্রতিবাদ জানিয়েছে গণজাগরণ মঞ্চ। গতকাল মঙ্গলবার শাহবাগে সংবাদ সম্মেলনের মাধ্যমে এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান-এ গতকাল ‘ভায়োলেন্স অ্যান্ড প্রোটেস্টস কুড ডিরেইল বাংলাদেশ ইলেকশনস’ শিরোনামে জেসন বার্কেল লেখা একটি নিবন্ধ প্রকাশিত হয়।
ইমরান লিখিত বিবৃতিতে বলেন, ‘এ নিবন্ধে একদিকে যেমন বাংলাদেশের গণতান্ত্রিক শাসনকাঠামোপ্রসূত নির্বাচন নিয়ে অমূলক প্রশ্ন তোলা হয়েছে, তেমনি লক্ষ তরুণের অহিংস আন্দোলনকে “সহিংসতা” হিসেবে উপস্থাপন করা হয়েছে। নিবন্ধে মঞ্চের মুখপাত্র হিসেবে আমার অবস্থানকে “আত্মগোপন” বলে চালিয়ে দেওয়া হয়েছে, যা ভিত্তিহীন, অমূলক এবং অনভিপ্রেত।’
ইমরান বলেন, ‘আমি প্রতিদিনই শাহবাগের প্রজন্ম চত্বরে আসছি এবং গণজাগরণ মঞ্চের তৃণমূল সফরগুলো নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও পর্যালোচনামূলক কর্মকাণ্ড পরিচালনা করছি।’ তিনি আরও বলেন, কেবল গণজাগরণ মঞ্চ নিয়েই নয়, মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত আসামিদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে নিবন্ধটিতে। দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার মূল কেন্দ্র এই ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করে গার্ডিয়ান গণমাধ্যম হিসেবে তাদের নেতিবাচক অবস্থান প্রমাণ করেছে, যা অত্যন্ত দুঃখজনক।