গার্মেন্টস খাতে মজুরি কমিশন গঠনের দাবিতে মানববন্ধন
গার্মেন্টস খাতে ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকা নির্ধারণ করা, মজুরি বোর্ড গঠন ও জাতীয় ন্যূনতম মজুরি কমিশন গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পে-স্কেল বাস্তবায়নের পর দ্রব্যমূল্য ও বাড়ি ভাড়া বেড়েছে, যানবাহনের ভাড়া বেড়েছে। গার্মেন্টস খাতের সর্বশেষ ন্যূনতম মজুরি বোর্ড গঠনের পাঁচ বছরের বেশি সময় পার হয়েছে। এমতাবস্থায় মজুরি পুনর্নির্ধারণ করা না হলে প্রাপ্ত মজুরিতে ৪৫ হাজার শ্রমিক পরিবার অপুষ্টিতে ভুগবে। শ্রমিকদের সন্তানের শিক্ষা ও জীবনযাত্রা ব্যাহত হবে।
তাঁরা আরও বলেন, মন্ত্রী-সাংসদদের বেতন ও সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণেরও বেশি বাড়ার কারণে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন ও অন্যান্য শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি কমিশন গঠন জরুরি হয়ে পড়েছে। বিজ্ঞপ্তি।