ঈদে পুরো বোনাস, অর্জিত ছুটির মজুরি ও নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটির বেতন পরিশোধের দাবিতে গতকাল শনিবার বিকেলে রাজধানীর বাটা সিগন্যাল এলাকা অবরোধ করেন অনন্ত গার্মেন্টসের শ্রমিকেরা। পরে কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনার আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন। তবে হঠাৎ এই অবরোধে এলিফ্যান্ট রোড এলাকায় যান চলাচল বিঘ্নিত হয়।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, গার্মেন্টস কর্তৃপক্ষ শ্রমিকদের শ্রেণিভেদে সাড়ে তিন হাজার ও সাড়ে চার হাজার টাকা করে ঈদ বোনাস দিতে চায়। কিন্তু শ্রমিকেরা চান সাড়ে চার হাজার ও সাড়ে পাঁচ হাজার টাকা করে। এ নিয়ে কয়েক দিন ধরে মালিক-কর্তৃপক্ষের কাছে তাঁরা দাবি জানিয়ে আসছিলেন। গতকাল বেলা সাড়ে তিনটার দিকে গার্মেন্টস ছুটির পর শ্রমিকেরা তাঁদের দাবিদাওয়াসংবলিত একটি ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল করেন। পরে গার্মেন্টস কর্তৃপক্ষ তাঁদের বিষয়টি বিবেচনার আশ্বাস দিলে তাঁরা সরে যান। আজ মালিকপক্ষ আবার শ্রমিকদের
সঙ্গে বসবে।