বিশিষ্ট লেখক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, গার্মেন্টস শিল্পের জন্য পৃথিবীতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। আর সেই গার্মেন্টস শিল্পে নাশকতার জন্য পৃথিবীতে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এ ধরনের ঘটনা প্রতিহত করতে হবে। এখানে যে সর্বনাশ হয়েছে, সেটা কেবল মালিকের একার নয়, পুরো জাতির।
গতকাল রোববার বিকেলে গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ীর জরুন এলাকার স্ট্যান্ডার্ড গ্রুপের আগুনে পুড়ে যাওয়া কারখানা দেখতে এসে সৈয়দ আবুল মকসুদ এসব কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে পরিবেশবাদী সংগঠন নাগরিক সমাজের প্রধান নির্বাহী মো. জাকির হোসেন ও স্ট্যান্ডার্ড গ্রুপের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মো. নূর-ই আলম উপস্থিত ছিলেন।
আবুল মকসুদ বলেন, স্ট্যান্ডার্ড কারখানায় যে ধরনের ঘটনা ঘটেছে, তাতে মনে হয়েছে মুক্তিযুদ্ধের সময়কার পাকিস্তানি সেনাশাসকদের বর্বরতাকেও তা হার মানিয়েছে। তিনি বলেন, ‘দলের-মতের ঊর্ধ্বে থেকে, সরকার ও সরকারের বাইরে জনগণের মধ্য থেকে যদি এ ধরনের ঘটনার নিন্দা, ঘৃণা, প্রতিবাদ উচ্চারিত না হয়, তাহলে আমরা পৃথিবীর কাছে খুবই নিকৃষ্ট জাতি হিসেবে পরিচিত হব।’