গার্মেন্টসের কাপড়সহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাহাড়তলীর সিডিএ রাস্তার মাথা এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে পুলিশ গার্মেন্টসের ১০ লাখ টাকার চোরাই কাপড়সহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে। এ সময় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন কাভার্ড ভ্যানের চালক মো. ফরহাদ ও তাঁর সহকারী মো. আরিফ। আটক করা কাপড়ের মধ্যে ৩২৫টি রোল ও ২৮টি বড় বড় গাঁট ছিল। কোন গার্মেন্টস থেকে এসব কাপড় চুরি করা হয়েছে, তা এখনো জানা যায়নি। পাহাড়তলী থানার কর্তব্যরত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম বলেন, সিডিএ রাস্তার মাথায় কাভার্ড ভ্যানটি আটক করে তাতে তল্লাশি চালানোর সময় দেখা যায় ভেতরে গার্মেন্টসের কাপড় ভর্তি। পরে কাপড়সহ ভ্যানটি থানায় আনা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা এগুলো গার্মেন্টসের চোরাই কাপড় বলে স্বীকার করেন। কোন গার্মেন্টস থেকে এই কাপড় চুরি করা হয়েছে, তা তদন্ত চলছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।