শেখ হাসিনা সোমবার লন্ডন যাচ্ছেন
গার্ল সামিট উপলক্ষ হলেও উদ্দেশ্য দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিকীকরণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের এক সংক্ষিপ্ত সফরে আগামী সোমবার লন্ডনে আসছেন। ব্রিটিশ সরকারের স্বরাষ্ট্র এবং আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয় এবং জাতিসংঘ শিশু তহবিল, ইউনিসেফের যৌথ উদ্যোগে আয়োজিত ‘গার্ল সামিটে’ অংশগ্রহণের জন্য তাঁর এই সফর বলে সরকারিভাবে বলা হলেও এর মূল উদ্দেশ্য হচ্ছে ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনকে কেন্দ্র করে পাশ্চাত্যের দেশগুলোর সঙ্গে সৃষ্ট দূরত্ব কমানো এবং দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করা।
এই সফরকালে মঙ্গলবার সকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে বলে হাইকমিশন সূত্রে জানা গেছে।
আফ্রিকায় ব্যাপকভাবে এবং দক্ষিণ এশিয়ার কোথাও কোথাও প্রচলিত মেয়েদের যৌনাঙ্গে ক্ষত সৃষ্টি বা ফিমেল জেনিটাল মিউটিলেশন (এফজিএম) প্রথার বিলোপসাধন এবং জোর করে বিয়ে দেওয়া বন্ধের লক্ষ্যে আন্তর্জাতিক উদ্যোগ হিসেবে ইউনিসেফ এবং ব্রিটিশ সরকারের দুটি মন্ত্রণালয় এই শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে। ইউনিসেফ এবং ব্রিটিশ উন্নয়ন সহায়তা দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা এই শীর্ষ সম্মেলনে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের সরকারপ্রধানের অংশগ্রহণের কোনো তথ্য দিতে পারেননি।
বাংলাদেশে মেয়েদের যৌনাঙ্গে ক্ষত সৃষ্টির কোনো চল নেই। তবে কিশোরী অবস্থায় তার সম্মতি ছাড়া মেয়েদের জোর করে বিয়ে দেওয়ার চলন বাংলাদেশে এখনো চালু আছে।
লন্ডনে বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, নাবালিকাদের জোর করে বিয়ে দেওয়া বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যেসব আইনগত সংস্কার করেছে, তার স্বীকৃতি দিতেই এই শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। সূত্র আরও জানায়, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সঙ্গে যুক্তরাজ্য কাজ করে যেতে আগ্রহী—এই আমন্ত্রণ এবং দ্বিপক্ষীয় বৈঠকের কর্মসূচি এরই নিদর্শন।
এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মুহিদুর রহমান গতকাল শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলন করে শেখ হাসিনাকে এই শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানোর প্রতিবাদ জানিয়ে তাঁর সঙ্গে কোনো দ্বিপক্ষীয় বৈঠক না করার জন্য প্রধানমন্ত্রী ক্যামেরন এবং পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ডের প্রতি আহ্বান জানিয়েছেন।
মুহিদুর রহমান বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটেনি বলে বক্তব্য প্রকাশ এবং ব্রিটিশ পার্লামেন্টে অনুষ্ঠিত বিতর্কে হতাশা প্রকাশের পর একজন অনির্বাচিত প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো কাঙ্ক্ষিত নয়। বিএনপির এই নেতা বলেন, ‘এ ধরনের বৈঠক এবং সফরকে শেখ হাসিনা আন্তর্জাতিক পরিসরে তাঁর অনির্বাচিত সরকারের বৈধতা লাভ হিসেবে প্রচার চালিয়ে রাজনৈতিক ফায়দা নেবেন।’ এক প্রশ্নের উত্তরে তিনি জানান, তাঁরা এ বিষয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনসহ ব্রিটিশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে চিঠি দিয়েছেন।