গার্হস্থ্য অর্থনীতিতে মাত্র সাতজন পরীক্ষার্থী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বোর্ডের অধীনে অনুষ্ঠেয় চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে মাত্র সাতজন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
হাতে গোনা এসব পরীক্ষার্থীর প্রশ্নপত্র তৈরি ও প্রশ্নপত্র আনা-নেওয়া বাবদ বোর্ড কর্তৃপক্ষকে বিপুল অঙ্কের ব্যয় সামলাতে হচ্ছে। তা ছাড়া ছাত্রীরা কেন এ বিষয়ে বিমুখ হয়ে পড়ছে, তাও খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করেন অভিজ্ঞ মহল। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানসহ শিক্ষা প্রশাসনের লোকজনের তদারকির ওপর জোর দেন তাঁরা।
আগামী ৩ এপ্রিল শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। আজ বৃহস্পতিবার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভায় বসছে বোর্ড কর্তৃপক্ষ।
বোর্ড সূত্রে জানা যায়, চট্টগ্রাম বোর্ড থেকে এ বছর ৯২টি কেন্দ্রে ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১২ হাজার ৪৯ জন, মানবিকে ২৬ হাজার ২৫৩, ব্যবসায় শিক্ষায় ৩৯ হাজার ৪০০ জন এবং গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে সাতজন পরীক্ষার্থী রয়েছে।
জানা যায়, চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় ২০০০ সাল থেকে গার্হস্থ্য অর্থনীতি কলেজের পাঠদান কার্যক্রম শুরু হয়। এক দশকের বেশি সময়ের পুরোনো এই শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছরই পরীক্ষার্থীর সংখ্যা কমছে। ২০১২ সালে যেখানে পরীক্ষার্থী ছিল ১৪ জন, গত বছর সেই পরীক্ষার্থীর সংখ্যা কমে দাঁড়ায় নয়জনে।
গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জোনাব আলী এ প্রসঙ্গে বলেন, ‘বিশেষায়িত শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের আগ্রহে ভাটা পড়ে। কলেজে পাঁচজন শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে খালি ছিল। গত ১০ বছর পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েও উপযুক্ত শিক্ষক পাইনি। সম্প্রতি চারজন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। এরপর শিক্ষার্থীর সংখ্যা বাড়বে বলে আশা করছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের একজন কর্মকর্তা বলেন, ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম সন্তোষজনক নয় মোটেও। এ ব্যাপারে কলেজ প্রশাসনের নজরদারি বাড়ানো দরকার। এভাবে পরীক্ষার্থী কমে যাওয়ার বিষয়টিকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। বোর্ড কর্তৃপক্ষকেও এত অল্পসংখ্যক পরীক্ষার্থীর জন্য অনেক বড় অঙ্কের খরচ সামলাতে হচ্ছে। মাত্র সাতজনের জন্য প্রশ্নপত্র তৈরি, ছাপাখানা থেকে সেই প্রশ্নপত্র আনা-নেওয়া বাবদ প্রায় দুই লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে।
এ ব্যাপারে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, ‘গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে এভাবে দিনের পর দিন পরীক্ষার্থী কমে যাওয়ার বিষয়টি উদ্বেগজনক।
এ ব্যাপারে শিক্ষা প্রশাসন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), শিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক এবং কলেজ কর্তৃপক্ষ সম্মিলিতভাবে কার্যকর পদক্ষেপ নিতে পারে।’