গার্হস্থ্য কাজ ধরলে অর্থনীতিতে নারীর অংশগ্রহণ আরও বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ ৩০ শতাংশ। সরকারি পর্যায়ে প্রতিনিধিত্ব করছে ৩০ শতাংশ নারী। সরকার ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চূড়ান্ত করছে। এতে নারীর অংশগ্রহণ বাড়ানো ও অধিকারের বিষয়টি নিশ্চিত করা আমাদের দায়িত্ব বলেই মনে করছি।’গতকাল শুক্রবার বাংলাদেশ মহিলা পরিষদের তৃতীয় জাতীয় পরিষদ সভার উদ্বোধনী অধিবেশনে অর্থমন্ত্রী এ কথা বলেন। বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত সভায় মন্ত্রী বলেন, নারীর গার্হস্থ্য কাজকে মূল্যায়ন করা হয় না। এটি মূল্যায়ন করা হলে অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ অনেক বেড়ে যাবে।অর্থমন্ত্রী বিভিন্ন বক্তার উত্থাপিত উত্তরাধিকার আইনে পরিবর্তন আনা, সিডও সনদের পূর্ণ অনুমোদন, সংসদে সংরক্ষিত আসনসংখ্যা বাড়ানো ও সরাসরি নির্বাচন, স্থানীয় সরকারের নির্বাচিত নারী প্রতিনিধিদের ক্ষমতা বাড়ানোসহ বিভিন্ন দাবির প্রতি সমর্থন জানান। অর্থমন্ত্রী বলেন, দেশে নারী নির্যাতন বা ফতোয়ার ঘটনা এখনো কিছু কিছু ঘটছে। আগে বিষয়গুলো জানা যেত না, এখন সচেতন হওয়ায় সবাই জানতে পারছে। বর্তমান সরকারের আমলে ফতোয়া অবদমিত রয়েছে। ১৪টি জাতীয় সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে মহিলা পরিষদের তৃতীয় জাতীয় পরিষদ সভা ২০১১-এর প্রতিবেদন তৈরি করা হয়। এতে উল্লেখ করা হয়, গত বছর পাঁচ হাজার ৭৪৩টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ফতোয়ার ঘটনা ঘটেছে ৩৯টি। গতকাল সভায় বক্তারা নারী নির্যাতন বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। নরওয়ের রাষ্ট্রদূত রাঙ্গনে বিরতে লুন্ডও বাংলাদেশ সরকারের বিভিন্ন অগ্রগতির পাশাপাশি নারী নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি সিডও সনদে পূর্ণ অনুমোদন দেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।‘সংগঠনের কার্যক্রম বাস্তবায়ন ও মূল্যায়নের ক্ষমতা নিশ্চিত করবে সংগঠনের অধিকতর পেশাদারি দক্ষতা’—এই স্লোগানে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আয়শা খানম। তিনি বলেন, সরকার নারী উন্নয়নে অনেক কিছু করেছে। তবুও শুধু উত্ত্যক্ত করার কারণেই গত বছর ৩৯ জন নারী আত্মহত্যা করেছে। সভায় স্বাগত বক্তব্যে পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করা, জাতীয় নারী উন্নয়ন নীতির আনুষ্ঠানিক ঘোষণা দিতে সরকারের প্রতি আহ্বান জানান। দুই দিনব্যাপী সভার উদ্বোধনী অধিবেশনে জাতীয় সংগীত পরিবেশন করেন সংগঠনের রোকেয়া সদনের মেয়েরা। অর্থমন্ত্রী ও অন্য অতিথিরা জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়ানোর মাধ্যমে উদ্বোধনী অধিবেশনের ঘোষণা দেন। সভা পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ। সভায় ৪৩টি জেলা শাখার চার শতাধিক প্রতিনিধি অংশ নেন।