গালাগাল করায় প্রধান শিক্ষকের ওপর হামলা
চাঁদপুরের হাজীগঞ্জের টংগীরপাড় হাটিলা ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তাফাজ্জল হোসেনকে পিটিয়ে জখম করা হয়েছে। গতকাল শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে এক অভিভাবককে ও তাঁর বংশ নিয়ে তাফাজ্জল গালাগাল করায় এ ঘটনা ঘটে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই বিদ্যালয় থেকে জানা গেছে, আগামী ৩ মে ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নির্বাচন হবে। গতকাল দুপুরে বিদ্যালয়ের পাশের গ্রাম হাটিলা চৌধুরীবাড়ির তুহিন চৌধুরী অভিভাবক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় তুহিনের চাচাতো ভাই আক্তার হোসেন চৌধুরী, রিপন চৌধুরী ও আরও কয়েকজন অভিভাবক উপস্থিত ছিলেন। আক্তার ভোটার তালিকায় তাঁর নামের সঙ্গে চৌধুরী নেই কেন, তা প্রধান শিক্ষক তাফাজ্জলের কাছে জানতে চান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে আক্তার ও তাঁর চৌধুরী বংশ নিয়ে তাফাজ্জল গালাগাল করেন। এতে আক্তার ও রিপন চৌধুরী ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষককে পিটিয়ে জখম করেন। পরে তাঁকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ প্রসঙ্গে আক্তার বলেন, ‘আমি দুবার পরিচালনা পর্ষদের সদস্য ছিলাম। আমার বাপ-দাদা সম্পত্তি দিয়ে এই স্কুল প্রতিষ্ঠা করেছেন। আমার নামের সঙ্গে চৌধুরী নেই কেন, জানতে চাইলে প্রধান শিক্ষক এর কোনো সদুত্তর না দিয়ে চৌধুরী বংশ নিয়ে গালমন্দ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে।’
তাফাজ্জল বলেন, ‘কম্পিউটার প্রিন্টে ভুলবশত আক্তারের সঙ্গে চৌধুরী ওঠেনি। বিষয়টি তাঁকে বোঝাতে গেলে আক্তার ও রিপনের নেতৃত্বে ২৫-৩০ জন আমার ওপর হামলা চালান। আমি এ ঘটনায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছি।’