হবিগঞ্জের মাধবপুর উপজেলার পশ্চিম মাধবপুর এলাকার শিশু ইসমাইল (৫) হত্যার ঘটনায় গত মঙ্গলবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শিশুটির ভাবি শাপলা বেগম। তিনি বলেছেন, ইসমাইল তাঁকে গালি দিয়েছিল। এরপর তিনি গলা টিপে ধরলে সে মারা যায়।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শাপলাকে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নিশাত সুলতানার আদালতে হাজির করে পুলিশ। এ সময় শাপলা আদালতে এ হত্যার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তিনি আদালতকে বলেন, ইসমাইল তাঁর কাছে প্রায়ই নানা কিছু চেয়ে বায়না ধরত। না দিলে গালি দিত। এ কারণে তিনি ইসমাইলের প্রতি বিরক্ত ছিলেন। গত শনিবার সকালে ইসমাইল তাঁর কাছে ২০ টাকা চায়। ওই টাকা না দেওয়ায় ইসমাইল তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করে। এতে তিনি ক্ষিপ্ত হয়ে ইসমাইলের গলা চেপে ধরেন। শ্বাসরোধে সে মারা যায়। পরে তিনি লাশ বাড়ির একটি কক্ষের ধানের গোলার নিচে লুকিয়ে রাখেন। সুবিধাজনক সময়ে মরদেহ পুকুরে ফেলে দেওয়ার পরিকল্পনা ছিল তাঁর।
দুই ঘণ্টার জবানবন্দি শেষে আদালত শাপলাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ইসমাইলের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ইসমাইলের বাবা, মা ও বড় ভাই জুয়েল মিয়ার স্ত্রী শাপলা বেগমকে আটক করে পুলিশ।
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) জয়দেব কুমার ভদ্র তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় তিনি সাংবাদিকদের কাছে শাপলার স্বীকারোক্তিমূলক জবানবন্দির বিষয়টি তুলে ধরে বলেন, ছোটখাটো বিষয় থেকেই শিশুটিকে হত্যা করা হয়েছে। ঘটনাটির সঙ্গে একজনই জড়িত।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম প্রথম আলোকে জানান, শাপলাকে একমাত্র আসামি করে মাধবপুর থানায় মামলা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী শাপলাকে কারাগারে পাঠানো হয়েছে।