প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারের অভিযোগে উত্তরা থেকে একটি মিতসুবিশি ব্র্যান্ডের গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উত্তরার ৪ নম্বর সেক্টরের একটি বাড়িতে অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, গাড়িটি ইউএনডিপির ঊর্ধ্বতন কর্মকর্তা স্টিফেন প্রিসনার শুল্কমুক্ত সুবিধায় এনেছিলেন। তিনি অনুমতি না নিয়ে এবং শুল্ক পরিশোধ না করে গাড়িটি আশিকুল হাসিব তারিক নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। এটি নিয়মবহির্ভূত এবং কূটনীতিক সুবিধার অপব্যবহার। কারণ পদাধিকারবলে আশিকুল শুল্কমুক্ত সুবিধা পাবেন না। অবৈধভাবে গাড়িটি হস্তান্তর করার অভিযোগে আশিকুলের বাড়ির গ্যারেজ থেকে গাড়িটি জব্দ করা হয়। মইনুল খান বলেন, অভিযানের সময় আশিকুল বাড়িতে ছিলেন না। তাঁর স্ত্রী গাড়ির কোনো কাগজ দেখাতে পারেননি।
নিজস্ব প্রতিবেদক