গাড়ি আসছে না উত্তরাঞ্চলে সারের জন্য হাহাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল-অবরোধের কারণে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সরবরাহ না থাকায় সারের জন্য হাহাকার শুরু হয়েছে। দোকানে দোকানে ঘুরেও কৃষকেরা সার পাচ্ছেন না। বগুড়ার ধুনটে হরতাল-অবরোধের আতঙ্কে আগাম ফসলের জন্য সার মজুতের চেষ্টা করছেন কৃষকেরা। ফলে সারের সংকট দেখিয়ে ডিলাররা কৃষকদের কাছে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করছেন। জয়পুরহাটের আক্কেলপুরে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছেন না কৃষকেরা।
পীরগঞ্জের শত শত চাষিকে গত মঙ্গলবার ইউরিয়া সারের জন্য ইমদাদুর রহমান ট্রেডার্স, ইমরোজ ট্রেডার্সসহ বিসিআইসির ডিলারদের দোকানে সকাল থেকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ডিলার ইমদাদুর রহমান বলেন, ‘সারের বরাদ্দ আছে। কিন্তু অবরোধের কারণে আনতে পারছি না। তাই কৃষকদেরও দিতে পারি না।’
জানা গেছে, বিসিআইসির ডিলার ইমরোজ ট্রেডার্স মঙ্গলবার ২০০ বস্তা ইউরিয়া সার পীরগঞ্জ ইউনিয়নের চাষিদের মধ্যে বিতরণ করে। সেখানে অন্তত এক হাজার বস্তা সার দরকার ছিল। বিতরণস্থলে গিয়ে দেখা যায়, প্রত্যেক চাষিকে সাড়ে ১২ কেজি করে ইউরিয়া সার দেওয়া হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘ডিসেম্বরে যমুনা সার কারখানা থেকে বরাদ্দ করা ইউরিয়া পরিবহন-সমস্যার কারণে আনা যাচ্ছে না।’
বগুড়ার ধুনটে হরতাল-অবরোধের কারণে সংকটের আশঙ্কায় সার মজুতের চেষ্টা করছেন কৃষকেরা। এ অবস্থায় ডিলাররা সারের সংকট দেখিয়ে অতিরিক্ত দামে কৃষকদের কাছে সার বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে।
কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, এই উপজেলায় ডিসেম্বর মাসে বিভিন্ন সারের চাহিদা তিন হাজার ১২৪ মেট্রিক টন। সরকারি বরাদ্দ পাওয়া গেছে এক হাজার ২৮৬ মেট্রিক টন। এর মধ্যে শুধু ইউরিয়া সারের এক হাজার ১৪৯ মেট্রিক টন চাহিদার বিপরীতে বরাদ্দ মিলেছে ৬৫০ মেট্রিক টন। কৃষকের চাহিদার তুলনায় সরকারি বরাদ্দ অনেক কম।
স্থানীয় কৃষকদের অভিযোগ, তাঁরা বাধ্য হয়ে বিসিআইসির ডিলারদের কাছ থেকে সরকারি মূল্যের অতিরিক্ত দামে সার কিনছেন।
তবে উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, এই উপজেলায় পর্যাপ্ত পরিমাণে সারের মজুত রয়েছে। রাজনৈতিক অস্থিরতার ভয়ে কৃষকদের মধ্যে সার নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। কোনো ডিলার সারের অতিরিক্ত দাম নিলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জয়পুরহাটের আক্কেলপুরের কৃষকেরা জানান, অবরোধ ও হরতালের আগে থেকেই খুচরা বাজারে ইউরিয়ার সংকট দেখা দিয়েছে। এখন এই সংকট আরও তীব্র হয়েছে। অনুমোদিত ডিলারদের কাছে গিয়ে তাঁরা চাহিদামতো সার পাচ্ছেন না। সার সংগ্রহ করতে না পারায় জমিও তৈরি করা যাচ্ছে না।
গতকাল বৃহস্পতিবার সকালে পৌর সদরের কলেজ বাজারের অনুমোদিত ডিলার আবু তালেব সরদারের দোকানে গিয়ে দেখা গেছে, কৃষকেরা সার নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। কৃষকদের কেউই এক বস্তা সার পাননি। তাঁদের সর্বোচ্চ ৩০ কেজি করে সার দেওয়া হচ্ছে।
[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা]