
তিন দিন আগে চট্টগ্রাম থেকে নিখোঁজ হওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী মো. জুনায়েদ হোসেনের (আকিব) সন্ধান না মিললেও তাঁর গাড়িটি পাওয়া গেছে। গতকাল বুধবার সন্ধ্যায় নগরের খুলশীর ডায়াবেটিক হাসপাতালের কার পার্কিংয়ের জায়গায় পরিত্যক্ত অবস্থায় গাড়িটি (কার) পাওয়া যায়। এখনো নিখোঁজ রয়েছেন গাড়িচালক মোহাম্মদ মোস্তফা।
খুলশী থানার ওসি নিজাম উদ্দিন গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কারা গাড়িটি সেখানে নিয়ে গেছে, তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাস্থল থেকে জুনায়েদের ভগ্নিপতি এস এম আবুল মঞ্জুর মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গাড়িটি জুনায়েদের বলে তাঁরা নিশ্চিত হয়েছেন। গাড়ির বাঁ দিকের সামনের দরজার কিছু অংশ দেবে গেছে এবং দাগ লেগেছে। দুটি গাড়ির মধ্যে সংঘর্ষের কারণে এমন হতে পারে।
জুনায়েদ নিখোঁজ হওয়ার পেছনে জঙ্গি-সংশ্লিষ্টতা নেই বলে মনে করে তাঁর পরিবার। সম্পত্তি নিয়ে পরিবারে দ্বন্দ্ব নেই। ব্যবসা নিয়েও কারও সঙ্গে তাঁদের বিরোধ নেই। জুনায়েদের সঙ্গে নিখোঁজ হওয়া গাড়িচালক মোহাম্মদ মোস্তফাকেও সন্দেহ করতে পারছেন না তাঁরা। এভাবে নিখোঁজ হওয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তাঁরা। বিষয়টি তাঁদের কাছেও রহস্য।
জুনায়েদের বড় বোন রোকসানা আক্তার বলেন, তাঁর ভাই রাজনীতি করতেন না। কোনো রাজনীতিকের সঙ্গে যোগাযোগও ছিল না। গত ফেব্রুয়ারি মাসে তাঁদের বাবা মারা যান। এপ্রিল মাসে পরীক্ষা দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম চলে আসেন জুনায়েদ।
গত সোমবার দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদ থেকে ব্যক্তিগত গাড়িতে করে নিজ বাসা খুলশী থানাধীন কুসুমবাগ আবাসিক এলাকায় ফেরার পথে গরীবুল্লাহ শাহ মাজারের কাছ থেকে জুনায়েদ নিখোঁজ হন। গাড়িচালক মোহাম্মদ মোস্তফারও খোঁজ মিলছে না। গাড়িটিও পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় সোমবার রাতে জুনায়েদের পরিবারের পক্ষ থেকে খুলশী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
জুনায়েদ হোসেন বিএনপি নেতা ও খাগড়াছড়ির সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়ার ভাতিজা। জুনায়েদের আরেক ভগ্নিপতি আরিফুল ইসলাম গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ওয়াদুদ ভূঁইয়া তাঁর চাচাশ্বশুর হলেও পারিবারিকভাবে তেমন কোনো সম্পর্ক নেই। জুনায়েদের বাবা ছিলেন মুক্তিযোদ্ধা। জুনায়েদের বোনেরাও একই কথা বলেছেন।
তিন দিনেও জুনায়েদের খোঁজ না পাওয়ার বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য গতকাল বুধবার দুপুরে তাঁর দপ্তরে প্রথম আলোকে বলেন, কেন এবং কী কারণে জুনায়েদ ও তাঁর গাড়িচালক নিখোঁজ হলেন তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
গতকাল বিকেলে নিখোঁজ জুনায়েদের বাসায় যান খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন। সেখানে তিনি প্রথম আলোকে বলেন, যে এলাকা থেকে জুনায়েদ নিখোঁজ হয়েছেন সেখানকার কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। তবে বলার মতো কোনো অগ্রগতি আপাতত নেই।
গরীবুল্লাহ শাহ মাজারের কাছে জুনায়েদের ব্যক্তিগত গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হয় বলে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তাঁর আত্মীয়রা জানান। এতে জুনায়েদের গাড়িটি ক্ষতিগ্রস্ত হলে অন্য গাড়ির দুজন নেমে এসে তাঁর সঙ্গে কথা বলেন। তাঁরা ক্ষতিগ্রস্ত গাড়িটি মেরামত করে দেবেন বলে গ্যারেজে যাওয়ার কথা বলে খুলশীর দিকে রওনা হন। তখন অন্য গাড়ির দুজন জুনায়েদের গাড়িতে ওঠেন। এরপর থেকে গাড়ির চালক মোস্তফাসহ তাঁর খোঁজ নেই। গাড়িটিরও হদিস মিলছে না।
জুনায়েদের সাত বোন। তাঁদের একজন ফাহমিদা আক্তার বলেন, ‘আমার ভাইয়ের সঙ্গে কারোর শত্রুতা নেই। পারিবারিকভাবেও কোনো বিরোধ নেই। বাবা মারা যাওয়ার আগে একমাত্র ভাই আকিব ও সাত বোনের প্রত্যেককে সম্পত্তি ভাগ করে দিয়ে গেছেন।’ তিনি বলেন, নিখোঁজ হওয়ার তিন দিন পেরিয়ে গেলেও তাঁদের কাছে চাঁদা কিংবা মুক্তিপণ দাবি করে কেউ ফোন করেনি। যেকোনো কিছুর বিনিময়ে ভাইকে ফেরত চান তিনি।