গাড়ি উল্টে প্রাণ গেল যুক্তরাষ্ট্রপ্রবাসী তিন ভাইয়ের
চট্টগ্রামে গাড়ি উল্টে যুক্তরাষ্ট্র প্রবাসী তিন ভাই নিহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন আপন ভাই। অন্যজন তাঁদের ফুপাতো ভাই।
আজ রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরের টোল রোডের জালিয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া চট্টগ্রামের হাটহাজারী পৌর এলাকায় বাসের ধাক্কায় এক শিশু প্রাণ হারিয়েছে।
গাড়ি উল্টে নিহতরা হলেন: আকতার বিন জামান (২৬), তাঁর আপন ভাই জাওয়াত বিন জামান (২২) ও তাঁদের ফুপাতো ভাবি মো. সাদমান (২২)।
পরিবার সূত্র জানা যায়, আকতার গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র থেকে দেশে আসেন। ছোট ভাই জিয়াদ এ বছরের জানুয়ারি মাসে দেশে আসেন। সাদমান এসেছিলেন গত মার্চ মাসে। তাঁদের বাড়ি চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ির দারোগাহাট এলাকায়। ব্যক্তিগত গাড়িতে করে নগরের সমুদ্র সৈকত থেকে বন্দরের দিকে ফিরছিলেন তাঁরা।
চট্টগ্রাম নগরের হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সোহেল প্রথম আলোকে জানান, নগরের টোল রোডের জালিয়া পাড়া এলাকায় প্রাইভেট কার (ব্যক্তিগত গাড়ি) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আকতার ও জাওয়াত ঘটনাস্থলেই নিহত হন। সাদমানকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
আমাদের হাটহাজারী সংবাদদাতা জানান, রোববার বিকেল পৌনে পাঁচটার দিকে চট্টগ্রাম-নাজিরহাট-মহাসড়কের পৌরসভার শের-এ বাংলা শাহ্ মাজার এলাকায় রাস্তা পারাপারের বাসের ধাক্কায় মোহাম্মদ সাইফুল ইসলাম নামে এক শিশু ঘটনাস্থলে প্রাণ হারায়।
হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) পরেশ চন্দ্র সিকদার প্রথম আলোকে জানান, শিশুটি পৌরসভার শের-ই- বাংলা শাহ্ মাজার এলাকায় রাস্তা পাড় হচ্ছিল। এ সময় অক্সিজেন মোড় থেকে ছেড়ে আসা একটি বাস শিশুটিকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলে সে মারা যায়। সে নোয়াখালী পুকুর দিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। বাসটি আটক করা হয়েছে।