গাড়ি একটু থামে, একটু চলে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ শুক্রবারও দুর্ভোগ পোহাচ্ছেন ঘরমুখী যাত্রীরা। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কদিনধল্যা থেকে গোড়াই পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট চলছে। এ ছাড়া গাজীপুরের কালিয়াকৈর, সূত্রাপুর ও খাড়াজোড়া এলাকায় ধীর গতিতে গাড়ি চলছে। গাড়ি পাঁচ মিনিট থামে, আবার চলে। এভাবেই যেতে হচ্ছে পুরো পথ।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমানের ভাষ্য, মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন বিকল হওয়ায় যান চলাচলে বাধা সৃষ্টি হয়েছে। এ ছাড়া ছুটির দিনে ঘরমুখী মানুষের চাপও বেশি। এতে যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ যানজট নিয়ন্ত্রণে কাজ করছে।
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবরের ভাষ্য, গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে মির্জাপুর ও টাঙ্গাইলের বেশ কয়েকটি এলাকায় যানবাহন বিকল হয়ে যায়। এগুলো সরাতে দেরি হওয়ায় মির্জাপুরের গোড়াই, গাজীপুরের কালিয়াকৈর, সূত্রাপুর ও খাড়াজোড়া এলাকায় ধীর গতিতে গাড়ি চলছে। কোথাও কোথাও থেমে থেমে যানজট হচ্ছে। ঈদ উপলক্ষে মহাসড়কে ধারণ ক্ষমতার চেয়ে বেশি গাড়ি এবং গরু বোঝাই ট্রাক চলাচল করায় যানজট বেড়েছে।
গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদের ভাষ্য, মহাসড়কে যানজট নিরসনে এক হাজার পুলিশ ও ১২শ কমিউনিটি পুলিশ কাজ করছে। ঘরমুখো মানুষ যাতে নিরাপদে বাড়ি যেতে পারে তার সব রকম ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন: