গাড়ি খাদে পড়ে ব্যাংক কর্মকর্তা নিহত স্ত্রী-ছেলেসহ আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর-পাবনা মহাসড়কের লালপুর উপজেলার গোধড়া এলাকায় বৃহস্পতিবার বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যক্তিগত গাড়ি খাদে পড়ে যমুনা ব্যাংকের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান (৩৮) নিহত হয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে যমুনা ব্যাংকের সিরাজগঞ্জ শাখার জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান নিজেই গাড়ি চালিয়ে ঝিনাইদহের কালীগঞ্জের নিজ বাড়িতে যাচ্ছিলেন। তাঁর গাড়িটি নাটোর-পাবনা মহাসড়কের লালপুর উপজেলার গোধড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন।এ ঘটনায় গাড়িতে থাকা তাঁর স্ত্রী আম্বিয়া খাতুন (২৭), ছেলে ফারহান (৭) ও কর্মচারী সোহেল রানা (১৮) আহত হন। তাঁদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। হাসানুজ্জামানের বাড়ি কালীগঞ্জ উপজেলার ফুলবাড়ি গ্রামে।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে প্রাইভেটকারটির সামনে হঠাৎ করে একটি ভটভটি (সেচযন্ত্রচালিত যান) থেমে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।