গাড়ি খালে পড়ে তিন শিশুসহ নিহত পাঁচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে কুমিল্লার লাকসাম পৌরসভায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে গিয়ে তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। লাকসামের ছিলোনিয়া সেতুর কাছে গতকাল রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।

এ ছাড়া ঢাকার আশুলিয়ায়, গাজীপুর, টাঙ্গাইলের দেলদুয়ার, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, মেহেরপুর সদর ও গাংনী উপজেলায়, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গত শনিবার থেকে গতকাল বিকেল পর্যন্ত পৃথক সড়ক দুর্ঘটনায় আরও নয়জন নিহত হয়েছেন।

ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:

গাজীপুর: সিটি করপোরেশনের চক্রবর্তী এলাকার চন্দ্রা-নবীনগর সড়কে মাইক্রোবাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন
নিহত ও চারজন আহত হয়েছেন।

গতকাল সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন টাঙ্গাইল জেলার নাড়পুর উপজেলার জালালিয়া গ্রামের আবদুল করিম (৪৫) ও কুষ্টিয়ার খোকসা উপজেলার সাতপাখরা গ্রামের রাকিবুল ইসলাম (২৮)।

কুমিল্লা: লাকসামে নিহত পাঁচজন হলেন নোয়াখালীর চাটখিল উপজেলার সোবহানপুর গ্রামের বাসিন্দা আল আরাফাহ ব্যাংকের কর্মকর্তা আনোয়ারুল কবির (৪০), তাঁর ছেলে সাইফ সাহেদ আল মুস্তাকিম (৪), লক্ষ্মীপুরের রামগঞ্জের আমানিয়া গ্রামের সাহাবুদ্দিন (৪৫), তাঁর দুই মেয়ে রাইসা মুনতাসির (১২) ও রিনসা তাবাসসুম (৭)। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাঁরা হলেন নিহত সাহাবুদ্দিনের স্ত্রী জান্নাতুন নাঈম (২৯) ও মেয়ে মাহী মুনতাসির (৬) এবং নিহত আনোয়ারুল কবিরের অন্তঃসত্ত্বা স্ত্রী মারজান বেগম (৩২)। তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ বলেছে, নোয়াখালীর চাটখিল থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার গতকাল সকাল সোয়া সাতটার দিকে লাকসামের ছিলোনিয়া সেতু এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে পানিতে ডুবে যায়। খবর পেয়ে দমকলবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় হতাহতদের উদ্ধার করেন। আহত ব্যক্তিদের প্রথমে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

লাকসাম থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুর রহমান বলেন, প্রথমে স্থানীয় লোকজনই উদ্ধারকাজ শুরু করে। খবর পেয়ে লাকসাম থানার পুলিশ, লালমাই হাইওয়ে পুলিশ, লাকসাম ফায়ার সার্ভিস ও কুমিল্লা থেকে দমকলবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। প্রাইভেটকারের চালক পলাতক রয়েছেন।

লাকসাম ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট মো. ইব্রাহিম খলিল বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদেশের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে নিহত ব্যক্তিদের লাশ হস্তান্তর করা হয়েছে।

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের পশ্চিম কুট্টাপাড়া এলাকায় গতকাল বাসচাপায় একটি সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত ও চারজন আহত হয়েছেন। পুলিশ জানায়, বেড়তলা বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি সরাইল বিশ্বরোড মোড়ে যাচ্ছিল। বেলা সাড়ে তিনটার দিকে একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিলে এর যাত্রী মো. ধন মিয়া (৩৫) ঘটনাস্থলেই নিহত হন।

মেহেরপুর: সদর উপজেলার মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কে দীনদত্ত সেতুর কাছে গতকাল বেলা ১১টার দিকে একটি ইঞ্জিনচালিত আলমসাধু উল্টে ফয়েজান খাতুন (৫২) নামে এক নারী মারা গেছেন। তিনি সদর উপজেলার রাজনগর গ্রামের হায়াত আলীর স্ত্রী।

এদিকে, মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে গাংনীর ওলিনগরে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় সুরোজ আলী (২৬) নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর বড় ভাইয়ের মেয়ে আয়েশা খাতুন (১৪)। সুরোজ ময়মনসিংহ সেনা দপ্তরে কর্মরত ছিলেন।

মৌলভীবাজার: শ্রীমঙ্গল-হবিগঞ্জ সড়কে শ্রীমঙ্গলের সাজিরবাজার এলাকায় শনিবার বিকেলে একটি সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ভানু রায় (৪৩) মারা গেছেন। তিনি শ্রীমঙ্গল শহরতলির রুপসপুর এলাকার বসন্ত কুমার রায়ের ছেলে।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও): পীরগঞ্জের দুর্গাপুর ডিএন কলেজের পাশে পীরগঞ্জ-রানীশংকৈল সড়কে শনিবার দুপুরে একটি মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী সন্তোষ রায় (২৫)। সন্ধ্যায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর বাড়ি রানীশংকৈল উপজেলার গোপীনাথপুর গ্রামে।

দেলদুয়ার (টাঙ্গাইল): উপজেলার নাটিয়াপাড়া নামক স্থানে শনিবার রাতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মাসুদ রানা (২২) নামে একজন নিহত হয়েছেন। তাঁর বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরঞ্জ উপজেলার একান্নপুর গ্রামে।

আশুলিয়া (ঢাকা): মান্নান শেখ নামে এক বৃদ্ধ গতকাল দুপুরে আশুলিয়ার বাইশমাইল এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি বাস তাঁকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার পাঁচাকরি গ্রামে।