গাড়ি ঘিরে গুলি করে ৩০ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কল্যাণপুরে ব্যস্ত সড়কে গতকাল মঙ্গলবার গাড়ি ঘিরে তিনজনকে গুলি করে ৩০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা৷ গত সোমবার পুরান ঢাকার ইসলামপুরে ভিড়ে ঠাসা সড়কে এক ব্যবসায়ীকে গুলি করে ১০ লাখ টাকা ছিনতাইয়ের পরদিন গতকাল এ ছিনতাই হলো৷
গতকাল গুলিবিদ্ধ তিনজন হলেন আবাসন প্রতিষ্ঠান মাল্টিপ্ল্যানের কর্মী মো. শামসুিদ্দন (৪৫), গাড়িচালক মো. আক্তার হোসেন (৩৫) ও ফ্ল্যাট ক্রেতা ব্যবসায়ী মো. জাকারিয়া (৩৫)। এ সময় গাড়িতে থাকা মো. বেল্লাল নামের একজন আনসার সদস্য ও জাকারিয়ার একজন সঙ্গী ভাঙা কাচ লেগে আহত হন৷ শামসুদ্দিন ও আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। জাকারিয়া একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন৷ শামসুদ্দিনের পায়ে, আক্তারের দুই হাতে ও জাকারিয়ার ডান পায়ে গুলি লেগেছে৷
প্রত্যক্ষদর্শী একটি দূরপাল্লার পরিবহনের কাউন্টারের একজন কর্মী বলেন, কল্যাণপুরের মিরপুর রোডে বেলা একটার দিকে প্রতিদিনের মতো যানজট ছিল। এ সময় তাঁরা গুলির শব্দ শুনে তাকিয়ে দেখেন, একটি গাড়ি ঘিরে দু-তিনজন গুলি করছে। গাড়িতে থাকা কয়েকজন দরজা খুলে নেমে আসার চেষ্টা করেন। ৩০ সেকেন্ড বা এর চেয়ে কম সময় পর অস্ত্রধারীরা পরিবহনের কাউন্টারের সামনে রাখা দুটি মোটরসাইকেলে উঠে উল্টো পথে দারুসসালামের দিকে চলে যায়। অস্ত্রধারীদের দুজনের মুখ রুমালে বাঁধা ছিল৷ ঘটনার সময় আশপাশে অনেক লোক থাকলেও আগ্নেয়াস্ত্রের মুখে কেউ এগিয়ে আসেনি।
মাল্টিপ্ল্যানের সুপারভাইজার আহত শামসুদ্দিন বলেন, মো. জাকারিয়াকে নিয়ে মিরপুরে নির্মাণাধীন একটি ভবনে ফ্ল্যাট পরিদর্শন করেন তাঁরা। এরপর জাকারিয়া ফ্ল্যাট কেনার চুক্তিপত্র চূড়ান্ত করতে কল্যাণপুরের একটি ব্যাংক থেকে টাকা তোলেন। তাঁরা ফ্ল্যাট কেনার চুক্তি চূড়ান্ত করতে পান্থপথে মাল্টিপ্ল্যানের কার্যালয়ে যাওয়ার পথে ঘটনাটি ঘটে।
গাড়ির চালক আক্তার হোসেন বলেন, দুই দিক থেকে কয়েকজন যুবক গাড়ি ঘিরে গুলি করে। একপর্যায়ে জাকারিয়ার হাতে থাকা টাকার ব্যাগটি নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
আনসার সদস্য বেল্লাল জানান, তাঁর হাতে শুধু লাঠি থাকায় তিনি ছিনতাইকারীদের প্রতিরোধ করতে পারেননি। গাড়ির দুই পাশ থেকে এলোপাতাড়ি গুলি করে ছিনতাইকারীরা। শুরুতে তাঁদের বহনকারী গাড়িটি যানজটে আটকে ছিল৷ তবে গুলি করার সময় গাড়িটি ধীরগতিতে চলছিল। প্রাণ বাঁচাতে গাড়ির আরোহীরা সবাই গাড়ি ছেড়ে বেরিয়ে আসেন।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আসিফ ইকবাল জানান, গুলিবিদ্ধ তিনজনই আশঙ্কামুক্ত। একটু সুস্থ হলে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।