গাড়ি চললেই রাস্তায় শুধু ধুলা আর ধুলা
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত সড়কটির নাম সুলতানপুর-চিনাইর-আখাউড়া সড়ক। দৈর্ঘ্য প্রায় ১৫ কিলোমিটার। সড়কের উন্নয়নকাজ গত বছরের ডিসেম্বর থেকে চলছে। এখন পর্যন্ত মাত্র পাঁচ কিলোমিটার অংশে পিচ দেওয়া হয়েছে। বাকি ১০ কিলোমিটার সড়কে প্রতিদিন ছোটবড় যান চলাচলের সময় শুধু ধুলা ওড়ে। ধুলা প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা না নেওয়ায় প্রায় ১০ মাসে অসুস্থ হয়ে পড়েছে অসংখ্য মানুষ।চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রি কলেজের ছাত্র মো. নাজিম উদ্দিনের বাড়ি ওই সড়কের পাশে আলেকপুরে। তিনি উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়ছেন। তিনি বলেন, ‘বাড়ি রাস্তার পাশে। কলেজেও আসতে হয় এ রাস্তা ধরে। দিনরাত ধুলার মধ্যে থাকায় প্রথমে সর্দিকাশি হতো। সম্প্রতি ঢাকায় গিয়ে চিকি ৎ সা করিয়ে জানতে পারলাম, আমার ফুসফুসেও সমস্যা হয়েছে।’পাশে থাকা কলেজশিক্ষক চন্দর কুমার দত্ত জানান, ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে প্রতিদিন এ সড়ক দিয়ে কলেজে আসেন তিনি। আসা-যাওয়ার সময় মাস্ক ব্যবহার করেন। কিন্তু ধুলা অনেক বেশি ওড়ায় কাজ হয় না। তিনি এখন শ্বাসকষ্টে ভুগছেন।কলেজের অধ্যক্ষ মকবুল আহাম্মদ জানান, সড়কের কাছাকাছি স্থানে একটি কলেজ, তিনটি উচ্চবিদ্যালয়, সাতটি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন রয়েছে। অসংখ্য শিক্ষার্থীকে প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠানে আসা-যাওয়া করতে হচ্ছে এ সড়ক দিয়ে। তাদের প্রায় প্রত্যেকেই কোনো না কোনো স্বাস্থ্যগত সমস্যায় ভুগছে।ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, ২০১০ সালের ডিসেম্বর থেকে সড়কটির প্রশস্তকরণসহ উন্নয়নকাজ শুরু হয়। ভারতীয় পরিবহন সংস্থা আসাম বেঙ্গল ক্যারিয়ার (এবিসি) ইন্ডিয়া লিমিটেড বাংলাদেশের ভেতরের এ সড়কটির উন্নয়নকাজ করছে। ত্রিপুরার পালাটানা বিদ্যু ৎ কেন্দ্রের ওভার ডাইমেনশনাল কার্গোজ (ওডিসি) ট্রেইলারে করে আশুগঞ্জ থেকে এ সড়ক দিয়ে আখাউড়া হয়ে ত্রিপুরায় যাচ্ছে। এ সড়ক ব্যবহারের আগে হওয়া চুক্তি অনুযায়ী ভারত এ সড়কটির উন্নয়নকাজ করছে।ব্রাহ্মণবাড়িয়া সওজের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জানান, চুক্তিমতে ভারত সড়কটির উন্নয়নকাজ করছে। কাজ হচ্ছে ধীরগতিতে। ধুলা নিয়ন্ত্রণ করতে সড়কে নিয়মিত পানি দেওয়া এবং দ্রুত এর উন্নয়নকাজ শেষ করার জন্য সওজ লিখিতভাবে তাদের জানাবে।এবিসির বাংলাদেশের এজেন্ট গালফ ওরিয়েন্ট সি-ওজের প্রকল্প প্রকৌশলী ফারুক আহম্মেদ জানান, মাঝে বৃষ্টির জন্য পিচ দেওয়া যায়নি। এখন কাজ চলছে। নভেম্বরের মধ্যে কাজ শেষ হতে পারে। ধুলার তীব্রতা রোধ করতে রাস্তায় পানি দেওয়ার পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে।