
রাজধানীর মিরপুর ৭ নম্বরের চলন্তিকা মোড় থেকে মিল্ক ভিটা কার্যালয়ের দূরত্ব আধা কিলোমিটারের মতো। ‘মিল্ক ভিটা রোড’ নামে পরিচিত মাঝের মূল সড়কটি তিন মাসেও চলাচলের উপযুক্ত করতে পারেনি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এলাকাবাসীর দুর্ভোগ পৌঁছেছে চরমে। কর্তৃপক্ষ বলছে, খোঁড়াখুঁড়ি চলবে। সড়ক ঠিক হতে আরও তিন মাস সময় লাগবে।
সড়কটিতে খোঁড়াখুঁড়ি শুরু হয়েছিল গত জুনে। গতকাল বুধবার এলাকায় গিয়ে দেখা যায়, চলন্তিকা মোড় থেকে বঙ্গবন্ধু বিদ্যানিকেতন পর্যন্ত পানিনিষ্কাশনের পাইপ বসানো হয়েছে, তবে কাজ পুরো শেষ হয়নি। জায়গায় জায়গায় পড়ে আছে অব্যবহৃত পাইপ। মাটি-ইট স্তূপ করে রাখা হয়েছে সড়কের দুই পাশে। যান চলাচল বন্ধ থাকায় ভ্যানগাড়িতে সবজির দোকান বসেছে। ফুটপাতে কাজ শেষ না হওয়ায় সেখানে গড়ে উঠেছে চা-সিগারেটের দোকান। আর বঙ্গবন্ধু বিদ্যানিকেতন থেকে মিল্ক ভিটা পর্যন্ত বাকি অংশটুকুতে প্রচুর বড় বড় গর্ত, সংস্কার করা হয়নি বহু বছর।
বসতবাড়ি ছাড়াও সড়কের দুই পাশে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান। এর মধ্যে আছে সরকারের একমাত্র স্বায়ত্তশাসিত দুগ্ধ উপাদনকারী প্রতিষ্ঠান মিল্ক ভিটার ঢাকা উৎপাদন কার্যালয়। আছে আসবাব প্রস্তুতকারী প্রতিষ্ঠান অটবি, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান দেশ ফার্মাসিউটিক্যালস ও রেনাটা ফার্মাসিউটিক্যালস। এ ছাড়া আছে কয়েকটি তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান। মিল্ক ভিটার নিরাপত্তা কর্মকর্তা আল-আমিন বলেন, ‘অফিসের ঠিক সামনের রাস্তাটির এমন বেহাল অবস্থা। মালামাল পরিবহনের গাড়িগুলো আসতে পারছে না। বিকল্প হিসেবে ঘুর পথ ব্যবহার করতে হয় বলে পরিবহন খরচ বেশি লাগছে।’
এলাকাবাসী পানি আর কাদায় নাকাল হয়ে পুরো বর্ষাকাল পার করেছেন। বঙ্গবন্ধু বিদ্যানিকেতনের জ্যেষ্ঠ শিক্ষিকা রাজিয়া সুলতানা বলেন, ‘রাস্তাটা আগে থেকেই খারাপ। এবার কাটার ফলে গর্ত হয়ে আছে। বৃষ্টিতে পানি জমে থাকায় শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি হচ্ছে।’
ডিএনসিসি মিরপুর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম বলেন, সড়কটিতে অবৈধ দখলসংক্রান্ত ঝামেলা থাকায় কাজ কিছুদিন বন্ধ রাখতে হয়েছিল। ঠিকাদারকে বলা হয়েছে চলন্তিকা মোড় থেকে ৭৫ মিটার রাস্তা ১৫ দিনের মধ্যে ঠিক করে দিতে। তিনি বলেন, ‘বাকি অংশে নিষ্কাশন লাইন বসিয়ে সম্পূর্ণ ঠিক করতে আরও দু-তিন মাস লাগতে পারে।’