গাড়ি চলে ভবন কাঁপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা শহরের ফুলবাড়ী গেট হয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাশ দিয়ে যাওয়া সড়কটি কুয়েট রোড নামে পরিচিত। এই সড়কে রাত-দিন সমানে ভারী যানবাহন চলাচল করে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
খুলনা শহরের ফুলবাড়ী গেট হয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাশ দিয়ে যাওয়া সড়কটি কুয়েট রোড নামে পরিচিত। এই সড়কে রাত-দিন সমানে ভারী যানবাহন চলাচল করে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

খুলনা শহরের ফুলবাড়ী গেট থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাশ হয়ে বাইপাস মহাসড়ক পর্যন্ত সংযোগ সড়কটি জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফুলতলার আফিল জুটমিল গেট থেকে জিরো পয়েন্ট হয়ে রূপসা সেতু পর্যন্ত (বাইপাস) মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক এটি। সড়কটিতে রাত-দিন সমানে ভারী যানবাহন চলাচল করে। এতে এলাকার মানুষের নিরাপদ চলাচলই কেবল ঝুঁকিতে পড়ছে না, ভারী যানবাহন যখন যাতায়াত করে তখন দুই পাশের ভবনগুলোতে কম্পন সৃষ্টি হয়। এরই মধ্যে আশপাশের অনেক ভবনে ফাটল দেখা দিয়েছে। কম্পন-আতঙ্কে ভীত হয়ে পড়েছে ওই এলাকার বাসিন্দারা।
১১ মার্চ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই এলাকায় সরেজমিনে দেখা যায়, একের পর এক ভারী কাভার্ড ভ্যান, আট ও দশ চাকার ট্রাক, এলপি গ্যাসবোঝাই গাড়ি, বিদ্যুতের পোলবোঝাই গাড়ি চলছে। প্রচণ্ড জোরে হর্ন বাজানোর পাশাপাশি এসব গাড়ি যাওয়ার সময় আশপাশের ভবনে তৈরি হয় ভয়ানক কম্পন। ওই এলাকার অন্তত পাঁচটি বাড়ির দেয়াল, ছাদ, পিলার ও বিমে ফাটলের চিহ্ন দেখা গেছে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নগর এলাকা-সংলগ্ন দিঘলিয়া উপজেলার ৬ নম্বর যোগীপোল ইউনিয়ন পরিষদের এই রাস্তাটি ২৭-২৮ বছর আগের। কুয়েটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও তেলিগাতি, মহেশ্বরপাশা, ফুলবাড়ী গেট, রংপুর ও আশপাশের গ্রামের জনগণের চলাচলের জন্য এটা করা হয়েছিল। কুয়েট প্রশাসন নিজেদের প্রয়োজনে ব্যবহারের জন্য কুয়েট প্রধান ফটক থেকে ফুলবাড়ী গেট পর্যন্ত প্রায় ৫০০ মিটার কয়েক বছর আগে ঢালাই বা কংক্রিটের মাধ্যমে চলার উপযোগী করেছিল। দুই-তিন বছর আগে সেই ঢালাই অংশের ওপর দিয়েই হালকা মেরামত করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
এই সড়কের পাশে রয়েছে কুয়েট, কুয়েট মডেল উচ্চবিদ্যালয়, শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় ও কারিগরি প্রশিক্ষক কেন্দ্র (পুরুষ ও মহিলা), ফুলবাড়ী গেট সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিকে উচ্চবিদ্যালয়সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ওই সব প্রতিষ্ঠানে আসা-যাওয়ার একমাত্র সড়ক এটি। তবে সড়কটি এত ব্যস্ত হলেও এলজিইডির কাছে এটি ইউনিয়ন সড়ক হিসেবেই পরিচিত।
সেখানকার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম বলেন, রাস্তাটি আগে এত ব্যস্ত ছিল না। গত বছর কুয়েট গেটের পর থেকে বাইপাসের দিকে প্রায় দেড় কিলোমিটার সংস্কার করে এলজিইডি। তারপর থেকেই আফিল গেটের দিক থেকে বা জিরো পয়েন্টের দিক থেকে শহরে ঢোকা ও শহর থেকে বের হওয়ার জন্য এই রাস্তাটি বেশি ব্যবহৃত হচ্ছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে মালবোঝাই ভারী ট্রাক, কাভার্ড ভ্যানের মতো বিশালাকার যানবাহন চলাচল।
এদিকে হালকা এই সড়কে অতিরিক্ত মালবোঝাই গাড়ি চলাচলে ঝুঁকিপূর্ণ জনজীবন ও ঘরবাড়ি সুরক্ষার দাবি জানিয়ে এলাকাবাসী বিভিন্ন সময় স্থানীয় জনপ্রতিনিধিসহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন জানিয়েছেন। গত জানুয়ারি মাসে এলাকাবাসীর করা এ রকম একটি আবেদনে, সড়কটিতে সাময়িকভাবে ভারী যানবাহন চলাচল বন্ধের অথবা ভারী যান চলাচলের উপযোগী করে সড়কটি পুনর্নির্মাণের দাবি জানান।
যোগীপোল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আনিছুর রহমান বলেন, রাস্তাটি ভারী যান চলাচলের উপযুক্ত নয়। রাস্তার আশপাশের বাসিন্দারা ভীষণ আতঙ্কে আছে।
কুয়েট রোডের বাসিন্দা অবসরপ্রাপ্ত উপকর কমিশনার মো. আমিন উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘ছোটখাটো ভূমিকম্প হলে যেমন কম্পন হয়, এখান দিয়ে ভারী যান চললে তার চেয়ে বেশি কম্পন হয়। মনে হয় যেন ঘরবাড়ি ভেঙে পড়বে। আমার বাড়িতেও ফাটল ধরেছে।’
এলজিইডি খুলনা কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী এ এস এম তারিকুল হাসান খান বলেন, সড়কটি জাতীয় মহাসড়ক-সংলগ্ন হওয়ায় এটি মহাসড়কের মতোই ব্যবহৃত হয়। তবে শ্রেণি অনুযায়ী এটা ইউনিয়ন সড়ক। এ কারণে এটি মহাসড়কের মতো মজবুত করে তৈরি হয়নি। সড়কটিতে ভারী যান আটকানোর জন্য বার ব্যবহার করা যেতে পারে।
এলজিইডি দিঘলিয়া উপজেলা প্রকৌশলী সরদার ইকরামুল কবির বলেন, সম্প্রতি সড়কের ওই ৫০০ মিটার অংশ তাঁরা পরীক্ষা করে দেখেছেন, সড়কের ওপরের স্তরের নিচে পুরোনো ঢালাই ভেঙে গেছে। এ জন্য কম্পন হচ্ছে। সড়কটি সর্বোচ্চ ১০-১২ টন লোড নিতে পারে। তিনি জানান, ওই ৫০০ মিটার অংশে পুরোনো ঢালাই তুলে ফেলে নতুন করে করলে সমস্যার সমাধান হবে। তবে সে জন্য যে বড় অঙ্কের বরাদ্দ দরকার তা এই মুহূর্তে নেই।