গাড়ি চলে হাতের ইশারায়, ২৫ কোটি টাকা পানিতে

কয়েক দিন আগের কথা। সকাল নয়টা। মগবাজার মোড়। সিগন্যাল বাতি, টাইম কাউন্টডাউন যন্ত্র চলছে। সংকেত বাতিতে লাল আলো জ্বলে থাকলেও এগিয়ে চলেছে গাড়ির সারি। আর এ গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে বৃষ্টির মধ্যেই ঘেমে ওঠেন ট্রাফিক পুলিশের সদস্য হাবিব।
শুধু মগবাজার মোড় নয়, রাজধানীর অধিকাংশ স্থানে এমন দৃশ্য প্রতিদিনের। কয়েক দিন ব্যস্ত সময়ে (সকাল ১০টা থেকে বেলা ১১টা) রাজধানীর শাহবাগ, মালিবাগ, শিক্ষা ভবন ও জিরো পয়েন্ট মোড়ে পর্যবেক্ষণ করে দেখা যায়, লাল-হলুদ-সবুজ যে বাতিই জ্বলুক না কেন হাত উঁচিয়ে সংকেত দিয়ে গাড়ি সামলাচ্ছেন রাস্তার মধ্যভাগে দাঁড়ানো ট্রাফিক সদস্যরা। গাড়িচালকেরা লক্ষ করছেন কখন কাঙ্ক্ষিত সংকেত আসবে। আর এ কারণে রাজধানীতে স্থাপিত সংকেত বাতি কোনো কাজেই আসছে না।

২০০৯ সালের ২২ নভেম্বরে বিশ্বব্যাংকের অর্থায়নে ঢাকা আরবান ট্রান্সপোর্ট প্রকল্পের আওতায় ৭০টি স্থানে ২৫ কোটি টাকা ব্যয়ে ট্রাফিক সংকেত বাতি স্থাপন করা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ট্রাফিক নিয়ন্ত্রণ প্রজেক্টের পরিচালক প্রকৌশলী মো. শিহাব উল্লাহ প্রথম আলোকে বলেন, ৭০টি সিগন্যাল বাতিতে বিদ্যুত্ খরচ, মেরামত ও রক্ষণাবেক্ষণে প্রতিবছর খরচ হয় প্রায় ৮০ লাখ টাকা, যা সিটি করপোরেশনই বহন করে। অথচ এই ৮০ লাখ টাকা ব্যয়ের কোনো সুফলই পাচ্ছেন না নগরবাসী।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, সিগন্যাল বাতি চালু হলে সবুজ-হলুদ-লাল বাতির মাধ্যমে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করত ট্রাফিক পুলিশ। তবে দুই বছর না যেতেই সিগন্যাল বাতিতে দেখা দেয় ত্রুটি। এখন ৭০টি মোড়ে কোনো না কোনো সিগন্যাল বাতি খারাপ। ফলে যান চলাচল নিয়ন্ত্রণ হয় এখন ট্রাফিক পুলিশের হাতের ইশারায়।
কেন এ অবস্থা—জানতে চাইলে ডিএমপির (ট্রাফিক-পশ্চিম) উপকমিশনার ইকরামুল হাবিব বলেন, বেশির ভাগ ট্রাফিক সিগন্যাল বাতি নষ্ট থাকে। এ কারণেই তাঁদের হাতের ইশারায় যান চলাচল নিয়ন্ত্রণ করতে হয়। তিনি বলেন, ‘অনেক সময় দেখা যায় লাল সিগন্যালে গাড়ির লম্বা লাইন। তাই রাস্তা সচল রাখার স্বার্থে আমরা লালবাতি জ্বলা সত্ত্বেও গাড়ি ছেড়ে দিই।’ এক মোড় থেকে অন্য মোড়ের স্বল্প দূরত্বকে যানজটের অন্যতম কারণ বলে তিনি অভিহিত করেন।

এ প্রসঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক মাহবুব-উন-নবী খান প্রথম আলোকে বলেন, ‘যানজটের সবচেয়ে বড় কারণ হচ্ছে নিয়ম না মানার অভ্যাস। সিগন্যালের যন্ত্র তো যন্ত্রের মতোই কাজ করে। কিন্তু কার আগে কে যেতে পারে সেটা নিয়ে সবার প্রতিযোগিতা।’ তাঁর মতে, ভিভিআইপি, ভিআইপি আর সাংবাদিকদের গাড়ি সবচেয়ে বেশি সিগন্যাল বাতি অমান্য করে। ফলে ট্রাফিক ব্যবস্থাপনা ভেঙে পড়ে। ডিসিসি ও ট্রাফিক পুলিশের সমন্বয় করাসহ সবাইকে নিয়ম মানার পরামর্শ দেন তিনি।
ডিএসসিসি ও ডিএনসিসির তথ্যমতে, যানজট নিরসনে ১৫ কোটি টাকা ব্যয়ে ঢাকার ৬৫টি ট্রাফিক সিগন্যাল মোড়ে ‘টাইমার কাউন্টডাউন’ যন্ত্র বসানো হচ্ছে। ইতিমধ্যে ৩৫টি মোড়ে পরীক্ষামূলকভাবে এ যন্ত্র চালু করা হয়েছে। যেখানে স্বয়ংক্রিয় সংকেত বাতি ব্যবহার করা হচ্ছে না, সেখানে এ অর্থ খরচ করে টাইমার কাউন্টডাউন যন্ত্র বসানো নিয়েই প্রশ্ন আছে।
তবে প্রকল্পটির পরিচালক মো. শিহাব উল্লাহ বলেন, যানজটের কষ্ট লাঘবেই সিগন্যাল বাতির পাশাপাশি অত্যাধুনিক টাইমার কাউন্টডাউন যন্ত্র স্থাপন করা হয়েছে। মানুষের মধ্যে আইন মানার অভ্যাস না তৈরি হলে কোনো পদ্ধতিই কাজে আসবে না।

কিন্তু বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক সামছুল হকের মতে, সিগন্যাল বাতি কিংবা টাইমার কাউন্টডাউন পুরোপুরি চালু হলেও যানজট নিরসন সম্ভব নয়। তিনি মনে করেন, এখনই পূর্ব-পশ্চিমে সড়ক তৈরি, মেট্রোরেল ও বাসের বিশেষ লেনের মতো গণপরিবহন চালু না করা গেলে, ঢাকার যানজট নিরসন হবে না।
রাজধানীতে প্রতিদিনই যানজটে আটকে নষ্ট হচ্ছে মানুষের মূল্যবান কর্মঘণ্টা। বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক জুবায়ের বিন আলম এক গবেষণায় দেখিয়েছেন, কর্মঘণ্টা নষ্টের আর্থিক মূল্য বছরে ১১ হাজার ৭৬৩ কোটি টাকা।