গাড়ি চলেছে নানাবাড়ির পথে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইরেন বাজিয়ে ছুটে চলেছে দুটি অ্যাম্বুলেন্স। সামনে দুই ছেলে আর পেছনের গাড়িতে মা। গাড়ি চলেছে ছেলেদের নানাবাড়ি বরিশালের পথে। তবে বেঁচে নেই সামনের গাড়িতে সওয়ার দুই সন্তান। আহত মা জানেনই না, তাঁর আগে ছুটে চলেছে সন্তানদের শবাধার।গত রোববার সকালে রাজধানীর অদূরে টঙ্গীতে মুরগির খাঁচাভর্তি ভ্যান দুর্ঘটনায় নিহত হয় দুই ভাই রবিন গাজী (১০) ও রাহাত গাজী (১২)। একই ঘটনায় গুরুতর আহত হন তাদের মা শাহীনূর বেগম। গতকাল সোমবার দুই ভাইকে দাফনের জন্য বরিশাল নিয়ে যান শাহীনূরের ভাইয়েরা। আরেকটি গাড়িতে মাথায় ব্যান্ডেজ, সেলাই করা গাল, কোমরে আঘাত আর হাত-ভাঙা শাহীনূরকেও নিয়ে যাওয়া হয়। একই ঘটনায় আহত ভ্যানচালক কাজল এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।শাহীনূরের ভাই স্বরূপ আলী শিকদার প্রথম আলোকে জানান, রোববার জ্ঞান ফেরার পর থেকেই ছেলেদের জন্য কেঁদে ফিরছেন শাহীনূর। কখনো কখনো পাগলের মতো মরিয়া হয়ে ছেলেদের এনে দিতে বলছেন। তাঁকে জানানো হয়েছে, ছেলেরা ভালো আছে। তাঁকে যখন এ কথা বলা হচ্ছিল, তখন দুই ছেলের লাশ ঢাকা মেডিকেল কলেজের ফ্রিজে। আর এখন সামনের গাড়িতে বরিশালের পথে চলছে দুই ছেলের বাক্সবন্দী মৃতদেহ।স্বরূপ আলী বলেন, ‘আমার তো বইনডারেও বাঁচাইতে হইব। অ্যামনেই মাথা ফাডছে, হাত ভাঙছে, পুরা ডাইন পাশ থেঁতলাইয়া গেছে। তারপর যদি পোলারা বাঁইচা নাই শুনে, তাইলে ওরে বাঁচানো যাইব না। তাই বরিশাল যাতিছি। ক্লিনিকে রাইখ্যা চিকিৎসা করামু।’দুই বছর আগে স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় শাহীনূরের। এরপর দুই ছেলেকে নিয়েই শুরু করেছিলেন জীবন। ময়মনসিংহ থেকে মুরগি এনে টঙ্গীর বাজারে বিক্রি করতেন তিনি। তাঁর বড় ছেলে রাহাত পড়ত টঙ্গীর শাহাজউদ্দীন প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে এবং ছোট ছেলে থাকত মায়ের সঙ্গে। গত রোববার সেই মুরগি নিয়ে বাজারে যাওয়ার পথেই একটি দ্রুতগামী হিউম্যান হলার (লেগুনা) তাদের চাপা দেয়।শাহীনূরের স্বজনেরা জানান, বিয়ের পর থেকেই নানা কারণে শাহীনূরের স্বামী তাঁকে নির্যাতন করতেন। শেষ পর্যন্ত দুই বছর আগে আরেকটি বিয়ে করে তিনি পৃথক হয়ে যান। গত রোববার দুর্ঘটনার পর শাহীনূরের স্বামী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এলেও কোনো দায়িত্ব নেননি।এদিকে ঘাতক চালককে এখনো গ্রেপ্তার করতে পারেনি টঙ্গী থানা পুলিশ। তবে লেগুনাটিকে পরিত্যক্ত অবস্থায় জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।