গাড়িচাপায় পোশাকশ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের বাসন সড়ক এলাকায় গাড়িচাপায় রবিউল ইসলাম (২৮) নামের এক সুয়েটার কারখানার শ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার সকাল ছয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম রংপুরের পীরগঞ্জ থানার রহিমপুর এলাকার মো. আবুল হোসেনের ছেলে। তিনি বাসন সড়ক এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শামীম হোসেন জানান, সিটি করপোরেশনের বাসন সড়ক এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় একটি গাড়ি রবিউল ইসলামকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। পরে রবিউলের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।