গাড়ি চালানো থেকে মেরামত, স্বাবলম্বী হচ্ছেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেসমিন আকতারের গল্পটা একটু অন্য রকম। মাদকাসক্ত বাবা নির্যাতন করতেন মাকে। নির্যাতন সহ্য করতে না পেরে জেসমিনের জন্মের ৪০ দিনের মাথায় বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়। জেসমিন বেড়ে ওঠেন নানির কাছে।
নানার অভাবের সংসারে থেকেও জেসমিন ২০১২ সালে এসএসসি পাস করেন। নিজের পায়ে দাঁড়ানোর অদম্য মনোবল নিয়েই শিখছেন টেলিভিশন, রেফ্রিজারেটর, শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র, মোবাইল ফোনের মতো ইলেকট্রনিক সামগ্রী মেরামতের কাজ। শিখে চাকরির চেষ্টা করবেন। না পেলে নিজেই খুলে বসবেন সার্ভিস সেন্টার।
জেসমিনের মতো অনেক নারীকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করছে বগুড়ার সারিয়াকান্দি মা ফাতেমা মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন কমপ্লেক্স। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন এই প্রতিষ্ঠানে নারীদের আত্মপ্রত্যয়ী, স্বনির্ভর ও স্বাবলম্বী করতে সিএনজিচালিত অটোরিকশা ড্রাইভিং, মোটরসাইকেল সার্ভিস মেকানিক, কনজুমার ইলেকট্রনিকস এবং হাউস ওয়্যারিং বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে ‘ইউসেপ বাংলাদেশ’ নামের একটি প্রতিষ্ঠান।
ইউসেপ বাংলাদেশের জ্যেষ্ঠ প্রশিক্ষক শামসুল তাবরেজ বলেন, ২০১৪ সালের জুলাই মাস থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত প্রথম পর্বে অটোরিকশা চালানোয় ৪২ এবং মোটরসাইকেল মেরামতে ৭৭ জনকে তিন মাসমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রথম পর্বের প্রশিক্ষণপ্রাপ্ত ১৫১ জনের মধ্যে রানার গ্রুপে আটজন, প্রাণ-আরএফএলে ৪৫ এবং ডাচ্-বাংলা ব্যাংকে পাঁচজন চাকরি করছেন।
প্রথম পর্বে সিএনজিচালিত অটোরিকশা চালানোর প্রশিক্ষণ নিয়ে ৪২ জনের মধ্যে কয়েকজন রাস্তায় অটোরিকশা নিয়ে বের হলেও নানা প্রতিবন্ধকতা ও সমস্যায় পড়েন। প্রথম দিকে দু-একজন অটোরিকশা ভাড়া পেলেও পরে মালিকেরা নারী চালকদের কাছে অটোরিকশা ভাড়া দিতে রাজি হননি। এই নারীদের অটোরিকশা কেনায় সহায়তা করতে কোনো আর্থিক প্রতিষ্ঠান এগিয়ে আসেনি।
শামসুল তাবরেজ বলেন, বাধ্য হয়ে ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দ্বিতীয় পর্বের অটোরিকশা চালানোর প্রশিক্ষণ বন্ধ করে দিয়েছেন। এখন মোটরসাইকেল মেরামত শেখানোর পাশাপাশি বৈদ্যুতিক ভোগ্যপণ্য সাজানো ও মেরামত এবং হাউস ওয়্যারিংয়ে নারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দ্বিতীয় পর্বে এই তিন বিভাগে এখন পর্যন্ত ৮২ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চলতি ব্যাচে আরও ৫০ জন নারী প্রশিক্ষণ নিচ্ছেন। দ্বিতীয় পর্বে প্রশিক্ষণ শেষে ৬৭ জন প্রাণ-আরএফএল গ্রুপে চাকরি করছেন।
বগুড়া শহরের মালগ্রামের নাজমা বেগম বলেন, প্রশিক্ষণ শেষে রাস্তায় কিছুদিন অটোরিকশা চালিয়েছেন। কিন্তু নারী হওয়ার কারণে কেউ অটোরিকশা ভাড়া দিতে চান না। বাধ্য হয়ে নিজেই একটা অটোরিকশা কেনার জন্য ব্যাংকের ঋণ পেতে যোগাযোগ করেন। এ কথা জানতে পেরে গত নারী দিবসে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর তাঁকে ঢাকায় ডেকে পাঠান। তিনি ঋণের ব্যবস্থা করে দেন। কিছুদিনের মধ্যে তিনি রাস্তায় নামতে পারবেন বলে জানান।
বগুড়া জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, এখান থেকে ৪২ জন নারীকে সিএনজিচালিত অটোরিকশা চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নারীরা রাস্তায় গাড়ি চালাতে চান। কিন্তু মালিকেরা গাড়ি দিতে চান না। তবে ১১ জন নারী অটোরিকশা কেনার ঋণের জন্য আবেদনও করেছেন।