গাড়ি চালানো না শেখানোয় আজহারুলকে হত্যা করা হয়
গাড়ি চালানো না শেখানোর জেরে গাজীপুরের কালিয়াকৈর বাজারের মাইক্রোবাসচালক আজহারুল ইসলামকে হত্যা করার কথা স্বীকার করেছেন তাঁর সহকারী গোপালসহ (২০) তিনজন। গতকাল বৃহস্পতিবার গাজীপুরের বিচারিক হাকিম আদালতে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গোপালসহ তিনজনকে গত বুধবার রাতে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া অপর দুই ব্যক্তি হলেন ঢাকার ধামরাই উপজেলা সদরের আনোয়ার (১৯) ও শরীফ আহাম্মেদ (২০)। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ ঢাকা যাওয়ার কথা বলে গোপালের মধ্যস্থতায় আনোয়ার ও শরীফ কালিয়াকৈর বাজার থেকে ওই মাইক্রোবাসটি ভাড়া নেন। ওই দিনই মাইক্রোবাসসহ নিখোঁজ হন চালক আজহারুল। পরে ঢাকার ক্যান্টনমেন্ট এলাকা থেকে মাইক্রোবাসটি ও চালকের মুঠোফোন উদ্ধার হয়। পুলিশ চালকের মুঠোফোনের কল লিস্টের সূত্র ধরে তাঁর সহকারী গোপালকে বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করে। পরে গোপালের দেওয়া তথ্যানুযায়ী বুধবার রাতেই ধামরাই থেকে তাঁর বন্ধু আনোয়ার ও শরীফকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আদালতে জানান, গোপালকে গাড়ি চালনা শিখানোর জন্য চালক আজহারুলকে বারবার অনুরোধ করা হলেও তিনি অস্বীকৃতি জানান। এর জেরেই তাঁকে খুন করে গাজীপুর সদর উপজেলার ভোগরা এলাকায় লাশ ফেলে দেওয়া হয়। জয়দেবপুর থানার পুলিশ লাশ উদ্ধার করে অজ্ঞাত হিসেবে দাফন করে। এ ঘটনায় পুলিশ মামলা করে। এ ছাড়া মাইক্রোবাসের মালিক জাকির হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় হত্যা মামলা করেন।