গাড়ি চোর চক্রের ১২জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে গাড়ি চোর চক্রের ১২ জন
মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে গাড়ি চোর চক্রের ১২ জন

বরিশাল ও চট্টগ্রাম জেলায় অভিযান চালিয়ে গাড়ি চোর চক্রের ১২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। চুরি যাওয়া দুটি গাড়িও উদ্ধার করেছে ডিবি।

গতকাল বৃহস্পতিবার ডিবির (দক্ষিণ) সহকারী পুলিশ কমিশনার হাসান আরাফাতের নেতৃত্বে দুটি দল তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ১২ জনের মধ্যে পাঁচজন হলেন শামীম, মিজান, সাইফুল ইসলাম, খলিল মিয়া ও মো. আলমগীর হোসেন।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখা এ তথ্য জানিয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পরে ডিবি চট্টগ্রামের পাহাড়তলী থেকে একটি এক্স নোয়া মাইক্রোবাস এবং খুলশী থেকে একটি সাদা রঙের নোয়া মাইক্রোবাস উদ্ধার করেছে।

চেতনানাশক ট্যাবলেটসহ অটোরিকশা আটক

ডিবি রাজধানীর শেরেবাংলা নগরের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনের সড়কে অভিযান চালিয়ে গতকাল দুটি সিএনজিচালিত অটোরিকশা আটক করেছে। অটোরিকশার ভেতর থেকে মো. সুমন, আমিন, আবদুস সালাম, মিজান, জসিম, মো. আমির হোসেন ও মো. শাহাদত হোসেনকে ১১০টি চেতনানাশক ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, চায়ের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে অটোরিকশার চালকদের খাইয়ে তাঁরা অটোরিকশা নিয়ে যান। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে কামরাঙ্গীর চর এলাকা থেকে আরও দুটি চোরাই সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় দুটি মামলা হয়েছে।