গাড়ি ছিনতাই করতে চালককে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের দক্ষিণ হালিশহর এলাকার প্রাইভেটকারচালক নুর মোহাম্মদের (৩৫) সঙ্গে গাড়ি চালানো শেখার কথা বলে সখ্য গড়ে তোলেন ফারুক। পরে কক্সবাজার বেড়াতে যাওয়ার কথা বলে ভাড়া করা হয় ওই গাড়ি। কিন্তু হালিশহর থেকে বেরিয়ে নগরের বন্দর কানেকটিং সড়কে আসার পর নুর মোহাম্মদকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করা হয়। লাশটি ফেলে দেওয়া হয় পটিয়ায়। অজ্ঞাতপরিচয় লাশ হিসেবে পুলিশ উদ্ধার করে। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসামি ফারুক জানায় এসব তথ্য।
গত ৯ মার্চ কক্সবাজারে আসামিরা প্রাইভেটকারটি (চট্টমেট্টো-গ-১২-৮৫৭৯) বিক্রি করতে গিয়ে ধার পড়ে র‌্যাবের হাতে। এরপর আসামি মোহাম্মদ ফারুক (২০) ও ফিরোজকে (২৫) গ্রেপ্তার করে কক্সবাজার সদর থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পটিয়া থানার পুলিশ ওই দুই আসামিকে চার দিনের রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ করে। ৩০ মার্চ পটিয়া আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আকতার হোসেনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন দুই আসামি। এই জবানবন্দিতেই পটিয়ায় উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় লাশটি (নুর মোহাম্মদ) খুনের রহস্য উদ্ঘাটিত হয়। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন বলেন, ১০ মার্চ সকালে পটিয়া থানা পুলিশ গলায় রশি পেঁচানো ও ডান চোখ তোলা অবস্থায় একটি অজ্ঞাত লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। পরদিন পত্রিকায় ছবি দেখে নুর মোহাম্মদের পরিবারের সদস্যরা মর্গে গিয়ে লাশটি তাঁর বলে শনাক্ত করেন।
গ্রেপ্তার ফারুক ও ফিরোজ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কথা স্বীকার করে পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ‘আসামি ফারুক বেশ কিছুদিন ধরে নুর মোহাম্মদের সঙ্গে গাড়ি চালানোর প্রশিক্ষণ নেওয়ার ভান করে সম্পর্ক গড়ে তোলেন। এরই জের ধরে ৮ মার্চ নগরের বন্দর টিলা এলাকায় ফারুক, ফিরোজ, কামাল ও মনির একত্রে বসে নুর মোহাম্মদের গাড়িটি ছিনতাইয়ের পরিকল্পনা করেন। কক্সবাজার একটি অনুষ্ঠানে যাওয়ার কথা বলে ফারুকের মাধ্যামে প্রাইভেট কারটি ভাড়া করেন তাঁরা।’ জবানবন্দিতে বলা হয়, ৯ মার্চ একই এলাকার ওই চার আসামি বিকেল চারটায় গাড়ি নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে চট্টগ্রাম পোর্ট কানেটিং এলাকার নির্জন স্থানে নিয়ে যান। এরপর গাড়ির পেছনের আসনে বসা মনির, কামাল ও ফারুক চালক নুর মোহাম্মদকে গলা চেপে ধরে পেছনের আসনে নিয়ে এসে রশি পেঁচিয়ে হত্যা করে।
এরপর আসনের নিচে লাশ রেখে তার ওপর গিফটবক্সটি দিয়ে রাখেন। ওই সময় চালকের পাশে বসা ফিরোজ গাড়ি চালিয়ে কক্সবাজার চলে যাওয়ার পথে রাত সাত থেকে আটটার দিকে পটিয়ার নির্জন স্থানে চালকের লাশ ফেলে গাড়িটি নিয়ে কক্সবাজার চলে যায়।