গাড়ি ছিনতাই করে পালানোর সময় ধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল রোববার বিকেলে চালককে হাত-পা ও মুখ বেঁধে একটি মাইক্রোবাস ছিনতাই করে পালানোর সময় একজন নারীসহ ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আহমেদাবাদ গ্রামের তারেক মিয়া (২৫) ও আকবর আলী (২৬), সিলেটের বিশ্বনাথ উপজেলার বাইশঘর গ্রামের সোহেল আহমদ (২৮) ও শ্রীপুর গ্রামের সাইফুল ইসলাম (২৮), মৌলভীবাজার সদর উপজেলার আথানগিরি গ্রামের মো. হান্নান (৩৫) এবং ময়মনসিংহের ফুলপুর উপজেলার লঘুরামপুর গ্রামের নিলুফার আক্তার জেসমিন (২০)। শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গতকাল দুপুর ১২টার দিকে ওই মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ-১৩-৭৯৪৪) সিলেটের উপশহর স্ট্যান্ড থেকে তিন হাজার টাকা ভাড়ায় শ্রীমঙ্গলে নিয়ে আসেন গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা। পরে বিকেল পাঁচটার দিকে তাঁরা গামছা ও রশি দিয়ে মাইক্রোবাসের চালক দিলু হোসেনের হাত-পা ও মুখ বেঁধে শ্রীমঙ্গলের ফুলছড়া চা-বাগানের ভেতর গাড়ি থেকে ফেলে দিয়ে মাইক্রোবাস নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। একপর্যায়ে মৌলভীবাজারের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের দুটি দল ধাওয়া করে পৌর এলাকার কালীঘাট সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করে। জ্যেষ্ঠ পুলিশ সুপার আলমগীর হোসেন দাবি করেন, ‘গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আন্তজেলা গাড়ি ছিনতাইকারী দলের সদস্য। সাইফুল ও হান্নানকে এর আগে গাড়ি ছিনতাই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। তারা জামিনে বের হয়ে আবারও গাড়ি ছিনতাই করছে।’