গাড়ি ছিনতাইকারী চক্রের ১২ সদস্য কুড়িগ্রামে আটক
কুড়িগ্রামে গাড়ি ছিনতাইকারী চক্রের ১২ সদস্যকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার রাতে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস নামে নৈশকোচে যাত্রীবেশে ওই ছিনতাইকারীরা অবস্থান করার সময় চালকের সন্দেহ হলে রংপুরের দমদমা এলাকা থেকে তাদের আটক করে কুড়িগ্রাম থানায় সোপর্দ করা হয়।আটক ব্যক্তিদের ওই রাতে কুড়িগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল হক জানান, আটক ব্যক্তিদের সন্দেহভাজন ছিনতাইকারী হিসেবে একটি মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, কুড়িগ্রাম এক্সপ্রেসের মালিকানা নিয়ে কুমিল্লার মাহমুদ হাসান ও কুড়িগ্রামের রেজাউল ইসলামের বিরোধ চলছে। আটক ব্যক্তিরা পুলিশকে জানায়, মাহমুদ হাসান কুড়িগ্রাম এক্সপ্রেসের চলমান নৈশকোচটি নিজের কবজায় নেওয়ার জন্য তাঁর লোক মারফত ছিনতাইকারীদের ভাড়া করেন।