গাড়ি ছিনতাইকারী সন্দেহে আটক ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের সদর উপজেলা থেকে গতকাল বৃহস্পতিবার গাড়ি ছিনতাইকারী সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে। পুলিশ মনে করছে, তাঁরা পেশাদার গাড়ি ছিনতাইকারী।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার বাবুল (১৮), ঢাকার আশুলিয়ার সুহেল (২৬), সুমন (৫৫), স্বপন (২৭), রহমান (৪০) ও ময়মনসিংহের নান্দাইলের আবুল কালাম (২৮)।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মৌলভীবাজার শহরের কোর্ট রোডের মাইক্রো বাসস্ট্যান্ড থেকে গতকাল বেলা ১১টার দিকে এই ছয় ব্যক্তি একটি মাইক্রোবাস ভাড়া করেন। তাঁরা প্রথমে বড়লেখার মাধবকুণ্ড, পরে সেখান থেকে ঢাকায় যাওয়ার কথা বলে ১০ হাজার টাকায় ভাড়া ঠিক করেন। সদর উপজেলার রায়শ্রী এলাকায় যাওয়ার পর তাঁদের কথাবার্তা শুনে মাইক্রোবাসের চালকের সন্দেহ হয়। তিনি আর যেতে চাননি। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে ছয়জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। মৌলভীবাজার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) তৌহিদুল ইসলাম চৌধুরী জানান, ‘আটক ব্যক্তিদের ভালো মনে হচ্ছে না। সম্ভবত তারা পেশাদার গাড়ি ছিনতাইকারী। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।’