গাড়ি থামিয়ে লটারিবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লটারির টিকিট বিক্রি সন্তোষজনক নয় বলে ঠাকুরগাঁও জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যরা লটারির টিকিট বিক্রি করতে অবশেষে রাস্তায় নেমে লটারিবাজি শুরু করেছেন। তবে শ্রমিক ইউনিয়নের নেতাদের দাবি, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবহনশ্রমিকদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য লটারির টিকিট বিক্রি করে তহবিল সংগ্রহ করার চেষ্টা করা হচ্ছে। লটারির টিকিট কিনতে কোনো পরিবহনশ্রমিককে বাধ্য করা হচ্ছে না।গত শুক্রবার সকালে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কাছে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কের দুই ধারে লাল ঝাণ্ডা হাতে নিয়ে বিভিন্ন গাড়ি থামাতে চালকদের বাধ্য করছেন ছয়-সাতজন যুবক। সড়কের উত্তর পাশে স্থাপন করা হয়েছে টিকিট বিক্রির সাময়িক বুথ। সেখানে বসে টিকিট বিক্রি করছেন শ্রমিক ইউনিয়নের সহসভাপতি কামাল হোসেন, রোড সম্পাদক আবদুল জব্বার ও অন্য এক যুবক। গাড়িগুলো থামার পর যুবকেরা চালককে বুথের দিকে ইঙ্গিত করে পাঠিয়ে দিচ্ছেন। চালক বা হেলপার সেখানে গিয়ে ইউনিয়ন নেতাদের সঙ্গে দেন-দরবার করে লটারির টিকিট কিনে নিচ্ছেন। লাল ঝাণ্ডা হাতে গাড়ি থামানোর কাজে ব্যস্ত খোকন নামের এক যুবক। তিনি নিজেকে শ্রমিক ইউনিয়নের সদস্য বলে পরিচয় দিয়ে বলেন, ‘আজ সকাল থেকে হাত খরচের টাকার বিনিময়ে রাস্তার গাড়ি থামিয়ে লটারির টিকিট বিক্রি করছি।’ তবে দৈনিক কত টাকার বিনিময়ে গাড়ি আটকাচ্ছেন, এ প্রশ্নের উত্তর এড়িয়ে তিনি বলেন, ‘যা পাই, তা খুব সামান্য।’চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে ঠাকুরগাঁওয়ে এসেছে শিউলী এন্টারপ্রাইজ নামের একটি ট্রাক। সেই ট্রাকের চালক আবদুল হালিম জানান, তাঁর ট্রাক আটকিয়ে জোরপূর্বক ১০ টাকা মূল্যের ১০টি টিকিট ধরিয়ে দেওয়া হয়েছে। প্রতিবাদ করেও কোনো কাজ হয়নি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি চট্টগ্রামের মানুষ। এ এলাকায় বছরে দু-একবার আসতে হয়। এ টিকিট কিনে আমার কী লাভ! শ্রমিকনেতাদের চাপে তবু টিকিট কিনতে বাধ্য হয়েছি।’একই রকম অভিযোগ করলেন বগুড়া থেকে আসা আরেক ট্রাকচালক ইউসুফ আলী।এ প্রসঙ্গে ঠাকুরগাঁও জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সুজন জানান, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন প্রতিষ্ঠার পর অনেক সংগ্রাম করে সংগঠনের কার্যক্রম সচল রাখা হয়েছে। এ সংগঠন থেকে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবহনশ্রমিকদের আর্থিক সহায়তা দেওয়া হলেও তা খুবই সামান্য। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সহায়তা কার্যক্রম আরও জোরদার করার জন্য এ লটারির আয়োজন করা হয়েছে। কিন্তু লটারির বিক্রি সন্তোষজনক নয় বলে শ্রমিকদের পরামর্শে রাস্তার পরিবহনগুলো আটকিয়ে টিকিট কিনতে অনুরোধ করা হচ্ছে। যাঁরা টিকিট কেনার আগ্রহ দেখাচ্ছেন, শুধু তাঁদের কাছেই টিকিট বিক্রি করা হচ্ছে। এ পর্যন্ত এভাবে কত টিকিট বিক্রি হয়েছে, এ প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি।মহাসড়কের যানবাহন থামিয়ে টিকিট বিক্রি সম্পর্কে ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চক্রবর্তী জানান, বিষয়টি তাঁর নজরে আসেনি। মহাসড়কের যানবাহন থামিয়ে জোরপূর্বক টিকিট বিক্রি বেআইনি। এমন ঘটনা ঘটে থাকলে লটারি বিক্রির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।