গাড়ি না পেলে বাড়ি ফেরত
চৈত্রের রোদে সড়কের পাশে দাঁড়িয়ে আছে একদল আদিবাসী কিশোর-কিশোরী। হাতে বই-খাতা, পরনে বিদ্যালয়ের পোশাক। ছয় কিলোমিটার দূরের বিদ্যালয় তাদের গন্তব্য। গাড়ির জন্য ঘণ্টা দেড়েক ধরে অপেক্ষা করছে তারা। গাড়ি পেলে বিদ্যালয়ে যাওয়া হবে, নয়তো বাড়ি ফিরে যেতে হবে।এটি খাগড়াছড়ির দীঘিনালার কবাখালী ইউনিয়নের জোড়া ব্রিজ এলাকার নিত্যদিনের চিত্র। এলাকার ১৫টি গ্রামের শিক্ষার্থীরা উপজেলা সদরের বিভিন্ন বিদ্যালয়ে যেতে দীঘিনালা-বাঘাইহাট সড়কের ওই স্থানে গাড়ির জন্য অপেক্ষা করে।জানা যায়, গ্রামগুলোতে পাঁচটি প্রাথমিক বিদ্যালয় থাকলেও নেই কোনো মাধ্যমিক বিদ্যালয়। পঞ্চম শ্রেণী পাসের পর শিশুরা ১২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যায়। গ্রাম থেকে ছয় কিলোমিটার পথ হেঁটে আসে জোড়া ব্রিজ এলাকায়। সেখান থেকে বাকি পথটুকু জিপে (চাঁদের গাড়ি) করে যায়। গাড়িতে যাত্রী বেশি থাকলে শিক্ষার্থীদের নিতে চায় না।শিক্ষার্থীদের এমন দুর্ভোগের কথা চিন্তা করে অভিভাবকেরা সমপ্রতি জোড়া ব্রিজ এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য এক একর জমি কিনেছেন। কবাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য অমিয় কান্তি চাকমা ও সীমা দেওয়ান বলেন, মাস খানেক আগে জমিটা কেনা হয়েছে। কিন্তু টাকার অভাবে বিদ্যালয়টি করা যাচ্ছে না।হাজাছড়া জোড়া ব্রিজ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় চাকমা বলেন, এলাকায় মাধ্যমিক বিদ্যালয় না হওয়া পর্যন্ত অস্থায়ীভাবে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য কোনো যানবাহনের ব্যবস্থা করা গেলে দুর্ভোগ লাঘব হতো।একই বিদ্যালয়ের সহাকারী শিক্ষক নিতু দেওয়ান বলেন, ‘অনেক সময় দেখি, আমাদের দুটি বিষয়ে পাঠদান হয়ে গেছে। কিন্তু তখনো গাড়ির অপেক্ষায় রাস্তার পাশে শিক্ষার্থীরা দাঁড়িয়েই আছে। কখনো দেখা যায়, গাড়ি না পেয়ে অনেক শিক্ষার্থী বাড়ি ফিরে যাচ্ছে।’বিদ্যালয়ে যাওয়ার জন্য রাস্তার পাশে ও গাছের তলায় গাড়ির অপেক্ষায় থাকা শিক্ষার্থী পূর্ণদেবী চাকমা জানায়, তার বাড়ি দীঘিনালা-বাঘাইহাট পাকা সড়ক থেকে পাঁচ কিলোমিটার দূরে জাম্বুরাপাড়া গ্রামে। সে দীঘিনালা মডেল বালিকা বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। বিদ্যালয়ে যাওয়ার জন্য সকাল সাতটায় বাড়ি থেকে বেরিয়েছে। হেঁটে রাস্তা পর্যন্ত এসেছে সে। সকাল ১০টা বাজতে চললেও গাড়ির দেখা নেই। অভিভাবক জাম্বুরাপাড়ার অরবিন্দু চাকমা, ভেতর তারাবুনিয়া গ্রামের মায়াদেবী চাকমা জানান, ছেলেমেয়েরা খুব ভোরে ঘর থেকে বের হয়ে যায়। অনেক সময় ওরা গাড়ি না পেয়ে বাড়িতে ফিরে আসে। দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিম বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও এলাকাবাসীর সঙ্গে আলাপ করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’