গাড়ি না পেয়ে পুলিশ ভ্যানে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্মঘটে আটকে পড়া পথচারীদের পুলিশের গাড়িতে করে নিয়ে এগিয়ে দেওয়া হচ্ছে। ছবি: প্রথম আলো
ধর্মঘটে আটকে পড়া পথচারীদের পুলিশের গাড়িতে করে নিয়ে এগিয়ে দেওয়া হচ্ছে। ছবি: প্রথম আলো

পুলিশের একটি ভ্যান লোকভর্তি হয়ে আসছে গুলিস্তানে, আবার লোক নামিয়েই যাত্রাবাড়ীর দিকে চলে যাচ্ছে। এভাবে কয়েকবার। পরে যোগাযোগ করে জানা গেল গাড়িটি ব্যবহার করেন ঢাকা মহানগর পুলিশের ডেমরা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ইফতেখায়রুল ইসলাম। মানুষের দুর্ভোগ বিবেচনা করে নিজের টহল ডিউটির সময় কিছু লোককে গাড়িতে আসা-যাওয়ার সুযোগ দেন তিনি।
যোগাযোগ করা হলে ইফতেখায়রুল বলেন, শ্রমিকদের ধর্মঘটের কারণে আজ সকালবেলাতেই কাজে আসতে হয়। সকাল সাতটার দিকে যাত্রাবাড়ী মোড়ে তিনি ভিকারুননিসা স্কুলের পোশাক পরা একটি মেয়ে ও তাঁর বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখেন। তাঁদের কাছ থেকে জানতে পারেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও কোনো যানবাহন, এমনকি একটা রিকশাও পাচ্ছেন না বাবা-মেয়ে। পরে তাঁদের একটি রিকশা পেতে সহযোগিতার জন্য অধীন পুলিশ সদস্যদের বলেন তিনি। পুলিশ সদস্যরা একটি রিকশায় উঠিয়ে দেন বাবা-মেয়েকে।
ইফতেখায়রুল বলেন, ‘যাত্রাবাড়ী থানায় বসে কাজ করছিলাম। তখন শুনলাম রায়েরবাগের পুনম সিনেমার সামনে যানবাহন না পেয়ে কিছু যাত্রী বিক্ষোভ করছেন। তাঁদের যুক্তি, তাঁরা নিজেরা যেতে না পারলে তাঁরা অন্যদেরও যেতে দেবেন না। এ সংবাদ পেয়ে নিজেই গেলাম। গিয়ে দেখি অন্তত ১০০ লোক আটকা পড়ে আছেন। এঁদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রয়েছেন, যাঁর পরীক্ষা আছে, চিকিৎ​সকের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছেন—এ রকম বয়স্ক অসুস্থ লোকও আছেন। প্রথমে তাঁদের বুঝিয়ে ঠান্ডা করে রাস্তা থেকে সরানো হলো। সব দেখেশুনে মনে হলো তাঁদের কয়েকজনকে সাহায্য করা যেতে পারে। কিন্তু সমস্যা হলো এত লোককে তো একসঙ্গে নেওয়া যাবে না।’
ইফতেখায়রুল বলেন, এরপর তিনি তাঁর গাড়িটিকে সামনে পাঠিয়ে দেন আর গুরুত্ব অনুযায়ী কিছু লোককে বাছাই করেন। তাঁর ডাবল কেবিনের পুলিশ ভ্যানটিতে তিনি ও তাঁর সহকর্মীরা ছাড়া একসঙ্গে সাতজনকে ওঠানো সম্ভব হয়। পাঁচজন পেছনে আর দুজনকে সামনে নিয়ে গুলিস্তান পর্যন্ত নামিয়ে দেন তিনি। এভাবে পরপর তিনবার তিনি ২০ জন লোককে গুলিস্তানে নামিয়ে দেন। গুলিস্তান থেকে রিকশায় বা হেঁটে কাছের গন্তব্যে চলে যান আটকে পড়া লোকগুলো।