ঢাকার দুই সিটি করপোরেশনে গাড়ি নিয়ে অনিয়ম-দুর্নীতি থামেনি। ডিসিসি দক্ষিণের প্রশাসক দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও গাড়ি বণ্টনব্যবস্থায় পরিবর্তন আসেনি। একই ব্যক্তি এখনো তিনটি গাড়ি ব্যবহার করছেন। যাঁদের সার্বক্ষণিক গাড়ি পাওয়ার কথা নয়, তাঁরাও তা করছেন। বিপরীতে প্রাধিকারযোগ্য কর্মকর্তাদের বাসে ঝুলে যাতায়াত করতে হচ্ছে।৫ আগস্ট প্রথম আলোয় ‘ঢাকা সিটি করপোরেশন: কর্মকর্তাদের গাড়িবিলাস’ শিরোনামের প্রতিবেদন প্রকাশের পরদিন ডিসিসি দক্ষিণের প্রশাসক জিল্লার রহমান প্রথম আলোকে বলেছিলেন, এক সপ্তাহের মধ্যে তিনি তাঁর করপোরেশনের গাড়ি নিয়ে বৈষম্য ও অনিয়ম দূর করবেন।প্রতিবেদনের পর যা ঘটেছে: এক সপ্তাহে কোনো পরিবর্তন না দেখে ১৪ আগস্ট প্রশাসক জিল্লার রহমানের সঙ্গে যোগাযোগ করা হয়। তখন তিনি বলেছিলেন, ‘যেটুকু আইনানুগ ব্যবস্থা নেওয়ার, সেটি আমরা নিচ্ছি।’ এক সপ্তাহের মধ্যে বৈষম্য বা অনিয়ম দূর করার আশ্বাস বিষয়ে সরাসরি প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি।’ ঈদের ছুটির পর গতকাল বুধবার খোঁজ নিয়ে জানা যায়, ডিসিসির গাড়ি, বিশেষ করে প্রকল্পভুক্ত মাইক্রোবাস নিয়ে অনেকে বাড়িতে ঈদ করে এসেছেন।জানা গেছে, এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর প্রশাসক পরিবহন শাখার ব্যবস্থাপক খন্দকার মিল্লাতুল ইসলামকে ডেকে গাড়ির সুষ্ঠু বণ্টনের কথা বলেন। ব্যবস্থাপক গাড়ি বণ্টনের বিষয়ে আগের অবস্থা পরিবর্তনের কোনো উদ্যোগই নেননি। মহাব্যবস্থাপক ইমদাদুদ দস্তগীর অসুস্থ থাকায় তিনি কার্যালয়ে অনুপস্থিত আছেন।পরিবহন শাখার একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রশাসক লিখিত কোনো নির্দেশ দেননি। তা ছাড়া গাড়ি যথেচ্ছ ব্যবহারকারীরা অনেক প্রভাবশালী। ওই কর্মকর্তারা আরও বলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা কোনো গাড়ি ফেরত দেননি। প্রশাসকের জন্য বরাদ্দ করা দুটি গাড়িও যথারীতি তাঁর দাপ্তরিক ও বাসায় ব্যবহারের জন্য বহাল আছে।গাড়ি প্রাধিকার নীতিমালা অনুযায়ী, কোনো কর্মকর্তার একটির বেশি গাড়ি পাওয়ার কথা নয়।প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান-উল-ইসলামের নামে পরিবহন শাখার বণ্টন তালিকায় যে দুটি গাড়ির উল্লেখ আছে (পাজেরো স্পোর্ট-ঢাকা মেট্রো ঘ ১৪-১৮১৬ এবং টয়োটা কার ১২-০৩৯৬), সেগুলো বহাল আছে। ডিসিসির ‘ক্লিন এয়ার সাসটেইনেবল এনভায়রনমেন্ট’ (কেস) প্রকল্পের সাদা রঙের নম্বরবিহীন নতুন গাড়িটিও যথারীতি তাঁর দখলেই আছে।‘মিষ্টি খাওয়ার’ টাকা: ১৩ আগস্ট ডিসিসি দক্ষিণের পরিবহন পুলে গিয়ে দেখা যায়, প্রধান নির্বাহী কর্মকর্তার স্টাফ অফিসারের পাজেরো (ঢাকা মেট্রো খ ১১-৪৬১১) এবং প্রশাসকের ব্যক্তিগত সচিবের টয়োটা কার (১৫-৮৩১৪) যথারীতি ‘পার্ক’ করা আছে। একজন কর্মী জানান, আগে যাঁরা ব্যবহার করতেন, গাড়ি দুটি তাঁদেরই আছে। একই দিন ডিসিসির পরিবহন শাখায় খবর নিতে গেলে একজন কর্মকর্তা নিজেকে ‘অফিসার্স ইউনিয়নের একজন নেতা’ দাবি করে বলেন, ‘যারা গাড়ি পাচ্ছে না, তারা হিংসাবশত আপনাদের দিয়ে এগুলো লেখাচ্ছে। তাদের নাম বলুন, জিব ছিঁড়ে দেব।’ নতুন সাতটি পাজেরো: বর্তমানে ডিসিসি উত্তর ও দক্ষিণে কাভার্ড ভ্যানসহ মোট ৪৭৭টি গাড়ি রয়েছে। কর্মকর্তাদের মতে, মোট সংখ্যার হিসাবে তা দুই করপোরেশনের জন্য যথেষ্ট। তার পরও গত নভেম্বরে বিভক্তির পর সাতটি বিলাসবহুল পাজেরো জিপ কেনা হয়। এর মধ্যে চারটি দক্ষিণে রয়েছে, যার একটি (১৪-১৮১৬) প্রধান নির্বাহী কর্মকর্তার বাসায় থাকে। অন্যগুলো হচ্ছে কালো রঙের পাজেরো ঢাকা মেট্রো ঘ ১৪-১৮২৮, ১৪-১৮২৯ এবং অপর একটির নম্বর হয়নি। উত্তরের তিনটিরও নম্বর হয়নি।উত্তরের ১৩ জন কর্মকর্তাকে এখনো গাড়ি দেওয়া সম্ভব হয়নি বলে শাখা ব্যবস্থাপক আবদুল বাসেত জানান।‘কেস’ প্রকল্পের গাড়ি: তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ‘ক্লিন এয়ার সাসটেইনেবল এনভায়রনমেন্ট’ (কেস) প্রকল্পের পরিচালক মো. শেহাবউল্লাহও সিটি করপোরেশনের নিশান এক্সট্রেইল গাড়ি (১১-৫৪২৭) ছাড়াও ব্যক্তিগত কাজে প্রকল্পের দুটি মাইক্রোবাস ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে। ডিসিসির ও প্র্রকল্পের গাড়ি কেনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার নিয়ম থাকলেও ‘কেস’ প্রকল্পটিতে কখনোই অনুমোদন নেওয়া হয়নি।