
ফেরি স্বল্পতা, বৈরী আবহাওয়া এবং পদ্মা ও যমুনা নদীতে পানি বেড়ে যাওয়ায় ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। তিন দিন ধরে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের লম্বা সারি তৈরি হচ্ছে। আজ রোববার বিকেলেও দৌলতদিয়া ঘাটে শত শত গাড়ির লম্বা সারি তৈরি হয়েছে।
ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে দুর্ভোগের কবলে পড়েন শত শত যাত্রী। এ ছাড়া প্রায় ২১ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানায়, কয়েক দিন ধরে পদ্মা ও যমুনা নদীতে পানি বাড়ার সঙ্গে স্রোত দেখা দেওয়ায় ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। ঈদের সময় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ২০টি ফেরি চললেও ঈদ-পরবর্তী সময়ে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় তিনটি বড় ফেরিকে পুনর্বাসনের জন্য নারায়ণগঞ্জের ডকইয়ার্ডে ও একটি মাওয়া রুটে পাঠানো হয়। বাকি ১৬টির মধ্যে মাঝেমধ্যে তিন থেকে চারটি ফেরি যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে পড়ছে। রোরো বীরশ্রেষ্ঠ ‘হামিদুর রহমান’ ফেরির ইঞ্জিন দুর্বলের কারণে দিনের বেলায় জোড়াতালি দিয়ে চললেও ঝুঁকি এড়াতে সন্ধ্যার পর থেকে বন্ধ রাখা হয়। নদীতে বাতাস থাকলে দিনের বেলায়ও চলতে পারে না। অপর ১৫টির মধ্যে শুক্রবার থেকে যান্ত্রিক ত্রুটিতে ইউটিলিটি ‘বনলতা’ পরদিন শনিবার সকালে কেটাইপ ফেরি ‘কুমারী’, ইউটিলিটি ‘শাপলা শালুক’, ‘সন্ধ্যা মালতী’, রোরো ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান’ ও ‘রুহুল আমীন’ বিকল হয়ে পড়ে। শনিবার দিবাগত গভীর রাতে মেরামত শেষে কুমারী, সন্ধ্যা মালতী ও শাপলা শালুক বের হলেও গতকাল রোববার সকালে হামিদুর রহমান বের হয়। বনলতা এখনো বের হয়নি। এভাবে জোড়াতালি দিয়ে গাড়ি পারাপার করা হচ্ছে। এ ছাড়া তিন দিন ধরে বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।
বৈরী আবহাওয়ার কারণে শনিবার বেলা ১১টা থেকে বন্ধ হওয়া লঞ্চ প্রায় ২১ ঘণ্টা পর আজ সকাল ছয়টার পর থেকে চলাচল শুরু হয়েছে। তবে সকাল দশটার দিকে বৃষ্টি ও বাতাসের কারণে বেশি কিছু সময় বন্ধ থাকার পর ফের চলাচল স্বাভাবিক হয়।
আজ বেলা দুইটার দিকে দৌলতদিয়া ঘাটে ফেরির জন্য অপেক্ষারত বাসচালক বেলাল হোসেন বলেন, গত শুক্রবার টাঙ্গাইল থেকে ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলের উদ্দেশে আসেন। গতকাল সকালে রওনা করে বেলা ১১টার দিকে ঘাটে পৌঁছান। প্রায় চার ঘণ্টা পার হলেও তাঁরা ফেরির নাগাল পাননি।
শনিবার সকালে ময়মনসিংহের ভালুকার উদ্দেশে রওনা করে ঘাটে এসে আটকা পড়েন কাভার্ড ভ্যানের চালক হেলাল সরদার। তিনি জানান, ৩০ ঘণ্টা পরও ফেরিতে উঠতে পারেননি। তাঁদের মতো এ রকম কয়েক শ গাড়ি দৌলতদিয়া ঘাট এলাকায় লম্বা লাইন দিয়ে ফেরির জন্য অপেক্ষা করছেন।
ঘাটে কর্তব্যরত ট্রাফিক পুলিশের পরিদর্শক আবুল হোসেন বলেন, বৈরী আবহাওয়ার চেয়ে বড় সমস্যা হচ্ছে ফেরি স্বল্পতা। এ ছাড়া যে ফেরিগুলো আছে, এর মধ্যে অধিকাংশ সময় তিন থেকে চারটি করে বসে থাকছে। এমন অবস্থায় যানবাহন পারাপার ব্যাহত হওয়ায় ঘাটে গাড়ির লম্বা লাইন তৈরি হচ্ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ফেরি স্বল্পতা ছাড়াও পদ্মায় বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ ছাড়া মাওয়া রুটের অনেক গাড়ি এই নৌপথ ব্যবহার করায় উভয় ঘাটে যানবাহনের লম্বা সারি তৈরি হচ্ছে।