গাড়ি পেলেন খুলনার সাইফুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিশন–প্রথম আলো বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার প্রদান অনুষ্ঠান। ছবিটি গতকাল বিকেলে সোনারগাঁও হোটেল থেকে তোলা l প্রথম আলো
ভিশন–প্রথম আলো বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার প্রদান অনুষ্ঠান। ছবিটি গতকাল বিকেলে সোনারগাঁও হোটেল থেকে তোলা l প্রথম আলো

ভাগনে জুয়েল ইমরানের নামে কুইজের কুপন পাঠিয়েছিলেন খুলনার ব্যবসায়ী সাইফুল ইসলাম৷ আর সেই কুপন পেয়েছে ভিশন-প্রথম আলো বিশ্বকাপ ক্রিকেট কুইজের মেগা পুরস্কার একটি ব্র্যান্ড নিউ গাড়ি৷
গতকাল সোমবার ঢাকার প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কার পেয়ে তিনি তাঁর অভিজ্ঞতা বর্ণনা করেন৷ সঙ্গে ভাগ্যবান ভাগনেকেও নিয়ে আসেন৷ প্রথম আলো ও ভিশন আয়োজিত অনুষ্ঠানে আরও ৩০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়৷
টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রথম আলো ছয়টি কুইজের আয়োজন করে৷ এর মধ্যে প্রাণ-আরএফএল গ্রুপের ইলেকট্রনিকস ব্র্যান্ড ভিশনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই কুইজটি ছিল সবচেয়ে বড়৷ সারা দেশের ১২টি শহরে বিশ্বকাপের প্রতিদিন ছিল কুইজের আয়োজনে পুরস্কার জেতার সুযোগ৷ সব মিলিয়ে ১৯৬ জন বিজয়ীর হাতে পুরস্কার দেওয়া হয়েছে এই কুইজে৷ মেগা পুরস্কারে গাড়ি ছাড়াও ছিল ভিশনের এসি, ৪৩ ইঞ্চি এলইডি টিভি, রেফ্রিজারেটরসহ নানা আকর্ষণীয় পুরস্কার৷
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও জাতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলম৷ এ সময় উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব মিডিয়া সুজন মাহমুদ ও ব্র্যান্ড ব্যবস্থাপক মোহিত চক্রবর্তী এবং প্রথম আলোর মহাব্যবস্থাপক (বিজ্ঞাপন) রশিদুর রহমান সবুর, উপক্রীড়া সম্পাদক পবিত্র কুন্ডু, ইভেন্ট ও অ্যাকটিভেশনের উপব্যবস্থাপক কবির বকুল, বিজ্ঞাপন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক হুমায়ুন কবীর ও জ্যেষ্ঠ নির্বাহী সৈয়দ জালাল উদ্দিন মুহাম্মদ আকবর৷