সিলেটে গত ১৮ ডিসেম্বর গাড়ি পোড়ানো, ভাঙচুরসহ নাশকতা সৃষ্টির অভিযোগে দ্রুত বিচার আইনে দায়ের করা পাঁচটি মামলার অভিযোগ গঠন ২৮ ফেব্রুয়ারি। গতকাল রোববার সিলেটের দ্রুত বিচার আদালতে মামলার ধার্য তারিখে বিচারক এনায়েত কবীর সরকার অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করেন। মামলার ‘মদদদাতা’ আসামি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলীসহ বিএনপির ২৫ নেতা-কর্মী আদালতে হাজিরা দিয়েছেন। ইলিয়াসসহ অন্য আসামিরা উচ্চ আদালতের নির্দেশে জামিনে রয়েছেন।আদালত সূত্র জানায়, ১৮ ডিসেম্বর ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ‘হবিগঞ্জ-সিলেট সুপার এক্সপ্রেস’ আগুনে পোড়ানোর পর নগরের বিভিন্ন স্থানে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করা হয়। এ ঘটনায় দ্রুত বিচার আইনে পুলিশ বাদী হয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানায় দুটি, দক্ষিণ সুরমা, জালালাবাদ ও শাহপরান থানায় একটি করে পাঁচটি মামলা দায়ের করা হয়।