গাড়ি পোড়ানো মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছেন আদালত। আগামী ৩ জুলাই এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ এরফান উল্লাহ এই তারিখ ধার্য করেন। গতকাল এ মামলায় আসামিদের উপস্থিতি ও অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।সাংসদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, এলডিপির চেয়ারম্যান অলি আহমদ ও বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমানের পক্ষে সময়ের আবেদন করা হয়। এই মামলার আসামি ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেনসহ অন্যদের পক্ষেও সময়ের আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষ সময় আবেদনের বিরোধিতা করে। মির্জা ফখরুল ইসলাম, হান্নান শাহ, রুহুল কবির রিজভী, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমানউল্লাহ আমান, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, প্রগতিশীল গণতান্ত্রিক শক্তির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলুসহ ১৪ জন আদালতে হাজির ছিলেন।