গাড়ি পোড়ানোর মামলায় জামায়াতের সাংসদের জামিন বর্ধিত
দ্রুত বিচার আইনে করা মামলায় চট্টগ্রামের নগর জামায়াতে ইসলামীর আমির ও সাংসদ আ ন ম শামসুল ইসলামের জামিন বর্ধিত করার আদেশ দিয়েছেন আদালত। এর আগে গতকাল সোমবার সকালে তিনি আত্মসমর্পণ করেন। গতকাল শুনানির পর মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান এ আদেশ দেন। সাংসদ শামসুল ইসলামের আজ মঙ্গলবারও আদালতে হাজির হওয়ার কথা রয়েছে। গতকাল একই আদালতের হাকিম সংঘর্ষের ঘটনায় করা আরও দুই মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১২ নেতা-কর্মীর জামিনও বর্ধিত করেন। এর মধ্যে কোতোয়ালি থানায় করা এক মামলায় চারজন এবং খুলশী থানায় করা অন্য মামলায় আটজন। ৬৩ ডিএলআর (ঢাকা ল রিপোর্ট)-এর ৪৪৭ নম্বর পৃষ্ঠায় হাইকোর্টের নির্দেশনার সূত্র ধরে মহানগর হাকিম তাঁদের জামিন বর্ধিত করেন। এর আগে আসামিরা উচ্চ আদালতের জামিনে ছিলেন। জামিনপ্রাপ্ত বিএনপি ও অঙ্গসংগঠনের ১২ নেতা-কর্মী হলেন: নগর যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম ওরফে বক্কর, নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস কে খোদা তোতন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা এম এ হাশেম, শেখ রাসেল, শাহ আলম, আব্বাস মিয়া, বাদশা, নান্টু, বাছির, তাজুল ইসলাম, বাছা মিয়া ও ইসমাইল। এর আগে গত রোববার হাকিম আদালতে আত্মসমর্পণ করেন উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক। আদালত তাঁর জামিনও বর্ধিত করেন।প্রসঙ্গত, ১৩ মে নগরের কাজীর দেউড়িসহ বিভিন্ন স্থানে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় তিনটি প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেন উচ্ছৃঙ্খল কর্মীরা। এ ঘটনায় কোতোয়ালি ও খুলশী থানায় ছয়টি মামলা হয়েছিল। এসব মামলায় জামায়াতের সাংসদ শামসুল ইসলাম, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ও উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরীসহ অন্তত আড়াই হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়। আদালত সূত্র জানায়, পুলিশ পাঁচটি মামলায় এবং একজন ব্যবসায়ী নেতা অন্য মামলায় বাদী হন।