গাড়ি পোড়ানোর মামলায় ৬১ জনের নামে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট মহাসড়কে ভারতীয় যাত্রীবাহী বাস পোড়ানোর মামলায় ৬১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। নরসিংদীতে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজিউদ্দিনের আসাকে কেন্দ্র করে গত ২১ সেপ্টেম্বর লোকমান সমর্থক ও পুলিশের মধ্যে সৃষ্ট অপ্রীতিকর ঘটনায় এবং বাস পোড়ানোর অভিযোগে নরসিংদী সদর থানায় পৃথক তিনটি মামলা হয়। গাড়ি পোড়ানোর মামলায় বৃহস্পতিবার বিকেলে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান। কাল মঙ্গলবার এ মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর নরসিংদীতে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজিউদ্দিনের আগমনের বিষয়টি নিশ্চিত হয়। ‘জনবন্ধু লোকমান সংগ্রাম পরিষদ’ নামের একটি সংগঠন জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চায়। পরে বিষয়টি লিখিতভাবে জানিয়ে ২০ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ থেকে বিরত থাকতে সংগঠনের আহ্বায়ককে অনুরোধ জানানো হয় পুলিশের পক্ষ থেকে। কিন্তু লোকমান সমর্থকেরা হরতালসহ তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন। গত ২১ সেপ্টেম্বর শুক্রবার সংগঠনটি সমাবেশের নামে অরাজকতা চালায়। পুলিশ তাতে বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। বিক্ষুব্ধ ব্যক্তিরা ভারতের ত্রিপুরা রাজ্যের যাত্রীবাহী একটি বাসসহ দুটি যানবাহনে আগুন ধরিয়ে দেয় এবং বেশ কয়েকটি যান ভাঙচুর করে। এ কারণে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে নরসিংদী সদর মডেল থানায় সরকারি কাজে বাধা, পুলিশ লাঞ্ছিত ও গাড়ি পোড়ানোর মামলা করা হয় সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে। পুলিশের দায়ের করা পৃথক তিন মামলায় ৬০ জনের নাম উল্লেখ করে ও ৭০-৮০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। পরে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৩৭ জনকে গ্রেপ্তার করে নরসিংদী সদর মডেল থানার পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা কারাগারে রয়েছেন। পরে মামলা তিনটি ফৌজদারি আদালত থেকে দ্রুত বিচার আদালতে স্থানান্তর করা হয়। গাড়ি পোড়ানোর মামলায় ৬১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। আরও জানা যায়, অভিযোগপত্রে ৬১ জন আসামির মধ্যে এজাহারভুক্ত ৪২ জন এবং এজাহারের বাইরে ১৯ জনকে অভিযুক্ত করা হয়েছে। কিন্তু এ মামলায় জড়িত থাকার অভিযোগে ৩৭ জনকে গ্রেপ্তার করা হলেও অভিযোগপত্রে ১৯ জন ছাড়া বাকি ১৮ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, নরসিংদী শহরের শাপলা চত্বর এলাকায় পুলিশের সঙ্গে তর্ক-বিতর্ক এবং সংঘর্ষের পর বিক্ষোভকারীরা শহরের ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকা থেকে আগরতলাগামী ত্রিপুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসসহ দুটি যান পোড়ায় এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। ১৮ জন আসামির নাম-ঠিকানার তথ্য ভুল থাকায় এবং তদন্তে তাদের সংশ্লিষ্ট থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলা থেকে অব্যাহতি দেওয়া যেতে পারে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও নরসিংদী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) এ কে এম আজিজুর রহমান কথা বলতে অস্বীকৃতি জানান। তবে নরসিংদীর সহকারী পুলিশ সুপার এ কে জহিরুল ইসলাম বলেন, মামলার অভিযোগপত্রে যাঁদের আসামি করা হয়েছে, তাঁদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।