গাড়ি বিক্রি করে টাকা নিতে চালক মিরাজকে হত্যা করি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাবার ব্যক্তিগত গাড়িটি চালাতে গিয়ে ২৯ জুলাই ফরিদপুর সদরের বদরপুরে দুর্ঘটনার কবলে পড়ি। এতে এক ব্যক্তি আহত হয়। হাইওয়ে পুলিশ ৫০ হাজার টাকা জরিমানা করে। বাবা আমাকে সাফ জানিয়ে দেন, টাকা কোথা থেকে জোগাড় করবা জানি না, আমি গাড়ি চাই। তারপর ভাড়ার গাড়ি বিক্রি করে আমি টাকা সংগ্রহের পরিকল্পনা করি। সে অনুযায়ী আমি চালক মিরাজকে হত্যা করি।’ফরিদপুরের ভাড়ায় গাড়ির (রেন্ট-এ-কার) চালক মিরাজ হত্যা মামলার আসামি শহরের কমলাপুর এলাকার জিয়াউল হক ওরফে পার্থ (২৫) এ কথা স্বীকার করেন। গতকাল বৃহস্পতিবার সকালে ফরিদপুরের বিচারিক হাকিম আল-আমীনের আদালতে জিয়াউল ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জিয়াউল জবানবন্দিতে বলেন, ‘বাবার কথায় আমি আশাহত হই। কীভাবে ৫০ হাজার টাকা জোগাড় হবে, তা নিয়ে ভাবতে শুরু করি। হঠাৎ মনে পড়ে, এক বছর আগে পরিচয় হওয়া এক বড় ভাইয়ের কথা। তিনি আমাকে বলেছিলেন কোনো গাড়ি ঢাকা পর্যন্ত নিয়ে গেলেই হলো, টাকার আর কোনো সমস্যা নেই। আমি সেই ভাইয়ের সঙ্গে কথা বলে ৩০ জুলাই আমার পরিচিত ভাড়ার গাড়ির এক চালক মিরাজকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হই। বেলা দুইটার সময় ঢাকার একটি শপিং মলে গিয়ে ওই বড় ভাইয়ের সঙ্গে দেখা করি। তাঁকে গাড়িটি দেখাই। তিনি পছন্দ করেন।’ জিয়াউল জানান, পরে ওই ভাই তাঁদের আমিনবাজার নিয়ে যান। সেখানে ওই ভাইয়ের পরিচিত আরেক ব্যক্তি তাঁকে (জিয়াউল) ও চালক মিরাজকে আলাদাভাবে নাশতা ও ফলের রস খাওয়ান। ওই ভাই তাঁকে বলেন, চালক কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে যাবে। পথিমধ্যে চালককে হত্যা করে গাড়িটি নিয়ে আবার ঢাকা চলে এলেই দুই লাখ টাকা দেওয়া হবে। জিয়াউল স্বীকার করেন, ‘আমরা রাতে ফরিদপুরের উদ্দেশে রওনা করি। পথে চালক মিরাজ অজ্ঞান হয়ে পড়লে আমি গাড়ি চালানো শুরু করি। ৩১ তারিখ ভোর ছয়টার দিকে আমি গাড়ি নিয়ে ফরিদপুরের সাদিপুর আসি। সেখান থেকে আমার এক বন্ধুকে গাড়িতে ওঠাই। বন্ধুটি গাড়িতে উঠে গামছা দিয়ে চালকের গলা পেঁচিয়ে তাঁকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। গাড়িতে একটি ব্লেড ছিল। আমি সেটি চালক মিরাজের গলায় চালাই। পরে মিরাজের লাশ ফরিদপুরের সদরপুর উপজেলার চরদাড়িয়া কৃষ্ণপুর গ্রামের একটি খালে ফেলে দিই। এরপর আমরা ফরিদপুর ফিরে আসি। রাতে গাড়িটি নিয়ে আমি ঢাকার উদ্দেশে যাত্রা করি। কিন্তু রাত ১২টার দিকে মাওয়া ফেরিঘাটে আমি পুলিশের হাতে ধরা পড়ি।’ ১ আগস্ট রাতে নিহত গাড়িচালকের বড় ভাই ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকার মো. মুরাদ বাদী হয়ে জিয়াউলসহ তিনজনকে আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ জানান, ১ আগস্ট ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ গাড়িসহ জিয়াউলকে গ্রেপ্তার করে সদরপুর উপজেলার চরদাড়িয়া কৃষ্ণপুর গ্রামে নিয়ে যায়। সেখান থেকে মিরাজের লাশ উদ্ধার করা হয়।জিয়াউলের বাবা জাহিদুল হক প্রথম আলোকে বলেন, ‘জবানবন্দিতে জিয়াউল ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের যে প্রসঙ্গ এনেছে তা মিথ্যা। সে ঢাকায় আইএলটিএস করছে। আগামী মাসে তার পরীক্ষা। পরীক্ষায় উত্তীর্ণ হলে তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতাম।’