গাড়ি বুঝে নিলেন আনন্দে ভাষা হারিয়ে ফেলা তৌফিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী তৌফিক গাড়ি নিতে এসেছিলেন বন্ধুবান্ধব, ভাই, মা ও নানিকে নিয়ে। ১৫০০ সিসি নিশান সানি গাড়ির চাবি হাতে পেয়ে অনুভূতি জানাতে গিয়ে তিনি বললেন, ‘বড় কিছু পেয়ে আনন্দে ভাষা খুঁজে না পাওয়ার কথা শুনে এসেছি এত দিন। আজ বুঝলাম, ভাষা হারিয়ে ফেলার বিষয়টা আসলেই হয়।’গতকাল বুধবার সাইকেল লাইফ-প্রথম আলো বিশ্বকাপ কুইজের প্রথম মেগা পুরস্কারের গাড়ি বুঝে নেওয়ার সময় এভাবেই অনুভূতি জানান তৌফিক। আরও জানালেন, সবার আগে নানি ও মাকে তাঁর গাড়িতে ওঠাবেন।দ্বিতীয় মেগা পুরস্কার একটি ৩২ ইঞ্চি এলসিডি টিভি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মাহাবুবুর রহমান। পুরস্কার হিসেবে বাইসাইকেল তুলে দেওয়া হয় তৃতীয় পুরস্কার জেতা ১০ জন বিজয়ীর হাতে।গতকাল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাবেক জাতীয় ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক। এ সময় উপস্থিত ছিলেন সাইকেল লাইফের মূল প্রতিষ্ঠান মেঘনা গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, মেঘনা গ্রুপের পরিচালক (বিপণন) নিজাম উল আহসান ও নির্বাহী পরিচালক মো. এম এ হালিম খান, প্রথম আলোর ক্রীড়া বিভাগের বিশেষ প্রতিবেদক মাসুদ আলম, ব্র্যান্ড ব্যবস্থাপক অরূপ কুমার ঘোষ প্রমুখ।শফিকুল ইসলাম মানিক ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর প্রতি নানা উদ্যোগ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। মেঘনা গ্রুপের মিজানুর রহমান তরুণসমাজকে পরিবেশবান্ধব যান বাইসাইকেল চালানোয় আগ্রহী করতে বিভিন্ন উদ্যোগ নিয়ে এগিয়ে আসার ইচ্ছার কথা জানান। মতিউর রহমান বলেন, ‘প্রথম আলো শুরু থেকেই নানামাত্রিক সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত। এর পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনের সব বিষয়কে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।’এর আগে ১১ আগস্ট সাইকেল লাইফ-প্রথম আলো বিশ্বকাপ কুইজের চার পর্বের ১২ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।