গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ পুলিশের ওপর হামলা
জামায়াতসহ বিএনপি নেতৃত্বাধীন হরতাল ও অবরোধ চলাকালে গতকাল বুধবার সিলেট, ময়মনসিংহ ও টাঙ্গাইলে অবরোধকারীরা অ্যাম্বুলেন্সসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় শিবিরের কর্মীদের অতর্কিত হামলায় দুই পুলিশ আহত হয়েছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেট: দুপুর একটার দিকে নগরের নয়াসড়ক এলাকায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারের অ্যাম্বুলেন্স ভাঙচুর করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এর আগে বেলা সাড়ে ১১টায় শহরতলির টুকেরবাজার ও তেমুখী এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ হয়। এতে জামায়াত-শিবিরের কমপক্ষে ১৫ জন কর্মী আহত হন। পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার সময় জামায়াত-শিবিরের কর্মীরা তিনটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন। ঘটনাস্থল থেকে পুলিশ ১০ জনকে আটক করে। সকাল আটটার দিকে নগরের দর্শনদেউড়ি ও রাজারগলি এলাকায় পুলিশ বহনকারী দুটি গাড়িতে আগুন দেন শিবিরের নেতা-কর্মীরা।
ময়মনসিংহ: গফরগাঁও-ভালুকা সড়কে গফরগাঁও উপজেলার গ্যাস কার্যালয় এলাকায় অবরোধকারীরা একটি ট্রাক, দুটি মোটরসাইকেল ও একটি নছিমন এবং হাটুরিয়া এলাকায় দুটি মোটরসাইকেল ও একটি নছিমন ভাঙচুর করেন। মঙ্গলবার রাতে অবরোধকারীরা ওই সড়কে তিনটি মোটারসাইকেল ভাঙচুর ও দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।
টাঙ্গাইল: সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের বাসাইল উপজেলার গুল্যা প্রাথমিক বিদ্যালয়ের সামনে শিবিরের নেতা-কর্মীরা ১০টি গাড়ি ভাঙচুর করেন। এতে বিভিন্ন যানবাহনের কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হন। পরে শিবিরের নেতা-কর্মীরা একটি অটোরিকশায় আগুন ধরিয়ে দেন।
চৌদ্দগ্রাম (কুমিল্লা): সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রাম উপজেলার হায়দারপুল এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা অতর্কিত পুলিশের ওপর হামলা চালান। তাঁরা চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জমান ও কনস্টেবল বিভিশনকে পিটিয়ে জখম করেন। এরপর পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জুড়ী (মৌলভীবাজার): মঙ্গলবার সন্ধ্যার দিকে জামায়াত-শিবিরের কর্মী-সমর্থকেরা জুড়ী-বড়লেখা সড়কের বিভিন্ন স্থানে কমপক্ষে ৫০টি সরকারি গাছ করাত দিয়ে কেটে সড়ক অবরোধ করেন। গতকাল বিকেলে বড়লেখা থানার ওসি বলেন, প্রতিবন্ধকতা সৃষ্টির উদ্দেশ্যে জামায়াত-শিবিরের স্থানীয় কর্মী-সমর্থকেরা গাছগুলো কাটেন।