গাড়ি ভাঙচুর মামলায় বিএনপির ৪৭ নেতা কর্মীর জামিন
চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় করা দুটি মামলায় বিএনপির ৪৭ জন নেতা-কর্মী জামিন পেয়েছেন। গতকাল রোববার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফরিদা ইয়াসমিনের আদালত আসামিদের জামিন মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সীতাকুণ্ডে ভাঙচুরের ঘটনায় দুটি মামলায় ৬৪ জনের নাম উল্লেখ করে মোট ১০০ জনকে আসামি করা হয়। তাঁদের মধ্যে একটি মামলায় ২৬ জন ও অন্য মামলায় ২১ জন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।’উল্লেখ্য, গত ২৪ জুন মহানগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে গাড়ি পোড়ানোর ঘটনায় দ্রুত বিচার আইনে হওয়া একটি মামলায় উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর জের ধরে সীতাকুণ্ডে পৃথক দুটি স্থানে পুলিশের ওপর হামলা এবং যানবাহন ভাঙচুর করেন বিএনপির নেতা-কর্মীরা।