গাড়ি ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গাড়ি ভাঙচুরের ঘটনায় গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে এ ভাঙচুরের ঘটনা ঘটে।এদিকে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্র সোহেল রাজকে শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মেসে ফেরার পরই তাঁকে গ্রেপ্তার করা হয়।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমিনুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এ এন এম নজরুল ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।