গাড়ি মালিকের পিটুনিতে রিকশাচালকের মৃত্যু
গাড়ির সঙ্গে ঘষা লেগেছে রিকশার চাকা। তাই নিয়ে গাড়ির মালিকের মারধরে গত মঙ্গলবার রাতে মারা গেছেন রিকশাচালক অমূল্য বর্মণ (৫০)। গত রোববার রাজধানীর বাসাবো এলাকায় এ ঘটনা ঘটে। সবুজবাগ থানা পুলিশ সূত্র জানায়, গত রোববার বিকেলে বাসাবো বৌদ্ধমন্দিরের সামনে একটি প্রাইভেট কারের সঙ্গে রিকশাচালক অমূল্যের রিকশার ঘষা লাগে। এতে গাড়িটির মালিক মাকসুদুল হাসান ক্ষুব্ধ হয়ে অমূল্যকে চড়-লাথি মারা শুরু করেন। মাকসুদুল নিজেই গাড়ি চালাচ্ছিলেন। অমূল্য অসুস্থ হয়ে পড়লে তাঁকে মাকসুদুল ও স্থানীয় লোকজন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে রতন চন্দ্র বর্মণ সবুজবাগ থানায় হত্যা মামলা করেছেন। গৃহবধূর লাশ উদ্ধার: গতকাল বুধবার সকালে দক্ষিণখান থানার মুশাইর এলাকা থেকে পুলিশ গৃহবধূ শাপলা আক্তারের (২৬) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর মৃতদেহ ঝুলছিল। নিহতের স্বজনেরা পুলিশকে জানিয়েছে, এক মাস আগে সাব্বির খান ওরফে বাকী খানের সঙ্গে বিয়ে হয় শাপলার। বিয়ের পর শাপলা জানতে পারেন সাব্বিরের আরও দুই স্ত্রী ও ছেলেমেয়ে রয়েছে। এর পর থেকে তাঁদের মধ্যে অশান্তি শুরু হয়।এ বিষয়ে দক্ষিণখান থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।